• ৮০ লক্ষ টাকা সহ গ্রেপ্তার বাদুড়িয়ার পুর চেয়ারম্যান
    বর্তমান | ২৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: থরে থরে সাজানো নোটের বান্ডিল! বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি লাগোয়া বন্ধ ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ এবং মজুত রাখা ত্রাণসামগ্রী উদ্ধার হয়। সোমবার রাতে পুলিশের এই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা নগদ। এই টাকার উৎস সম্পর্কে যথাযথ কোনো ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ গ্রেপ্তার করেছে চেয়ারম্যানকে। এই ঘটনায় মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় স্তরে একাধিক অভিযোগ ও গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতেই বাদুড়িয়া থানার পুলিশ একদফা অভিযান চালিয়েছিল। অভিযোগ, ওই এলাকায় তৃণমূলের একটি কার্যালয়ে কিছু নথিপত্র আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। সেই সঙ্গে ত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল ও কম্বল অন্যত্র সরানোর চেষ্টা চলছিল। স্থানীয় লোকজনই ওই সব সামগ্রী অন্যত্র সরানো আটকে দেয়। পরিস্থিতি আরও ঘোরালো হয় সোমবার। এদিন গভীর রাতে পুলিশ বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের বাড়ি লাগোয়া একটি বন্ধ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালানো হয়। তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালাতেই প্রচুর সামগ্রী এবং প্রায় ৮০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল সরকারি প্রকল্প বা ত্রাণের জন্য বরাদ্দ ত্রিপল, কম্বল ইত্যাদি। তখন ঘটনাস্থল থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ। বিচারক তাঁকে ছ’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। 

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় আরও একাধিক গোপন স্থানে এভাবে টাকা ও সরকারি সামগ্রী মজুত থাকতে পারে। তাঁদের দাবি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। উন্নয়নমূলক কাজ না হলেও কাগজে-কলমে সেই কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এসব কারণে দীর্ঘদিন ধরেই অসন্তোষ জমছিল। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, ‘দীর্ঘদিন ধরে পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠছিল। পূর্ণাঙ্গ তদন্ত করে গোটা চক্রের পর্দাফাঁস করা প্রয়োজন।’ বসিরহাট আদালতের আইনজীবী মেহের মণ্ডল বলেন, ‘ধৃতের ৬ দিনের পুলিশ হেপাজত হয়েছে। বড়ো কোনো দুর্নীতি চক্র জড়িত কি না, প্রশাসন খতিয়ে দেখছে।’
  • Link to this news (বর্তমান)