• সন্দেশখালিতে ৩ জনকে কুপিয়ে খুন, সিবিআইয়ের হাতে ধৃত ১০
    বর্তমান | ২৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় তিন বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করল সিবিআই। তাঁরা সকলেই তৃণমূলের কর্মী ও সমর্থক বলে পরিচিত। মঙ্গলবার রাতে তাঁদের ধরা হয় সন্দেশখালি এলাকা থেকে। ধৃতদের মধ্যে রয়েছে সন্দেশখালির শেখ শাহজাহানের ডান হাত কাদের মোল্লা। এই ঘটনায় শাহজাহানকেও হেপাজতে নিচ্ছে এজেন্সি। 

    ২০১৯ সালের ৮ জুন লোকসভা নির্বাচনের পর সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে নৃশংসভাবে খুন করা হয়। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে এই খুনের অভিযোগ ছিল। তিনজনকে প্রথমে কুপিয়ে খুন করে অভিযুক্তরা। এরপর তাঁদের উপর গুলি চালানো হয়। চোখ পর্যন্ত উপড়ে নেওয়া হয়। গোটা ঘটনায় নেতৃত্ব দেন শাহজাহান। ঘটনার পর প্রদীপ ও সুকান্তর দেহ উদ্ধার হয়। কিন্তু দেবদাস মণ্ডলের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।

    নিহতদের পরিবারের সদস্যরা তৃণমূল নেতা শাহজাহান সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। খুন ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। মামলার তদন্ত করে সিআইডি। শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ থাকার পরেও  তাঁকে জেরা পর্যন্ত করা হয়নি। তাদের জমা পড়া চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম বাদ পড়ে। এরপরই নিহতের পরিবারের সদস্যরা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেয়।

    কেন্দ্রীয় এজেন্সিটি ভাঙ্গিপাড়ায় গিয়ে নিহতেদের পরিবারের সঙ্গে কথা বলে। তথ্যপ্রমাণও সংগ্রহ করে। সন্দেশখালির বিজেপি বিধায়ক সনৎ সরকারের আইনজীবী কালীচরণ মণ্ডল বলেন, মঙ্গলবার সিবিআইয়ের টিম সন্দেশখালি পৌঁছে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে  কাদের মোল্লা সহ দশজনকে গ্রেপ্তার করেছে।
  • Link to this news (বর্তমান)