• রাজ্যে সরকারি ক্ষেত্রে নিয়োগ: জারি হল ১০০ পয়েন্ট রোস্টারের বিজ্ঞপ্তি
    বর্তমান | ২৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, স্বশাসিত সংস্থা, পুরসভা ও পঞ্চায়েতের মতো স্বায়ত্তশাসিত সংস্থায় নতুন কর্মী নিয়োগের জন্য একশো পয়েন্ট রোস্টারের বিজ্ঞপ্তি জারি করা হল। এই রোস্টারে শূন্যপদগুলির মধ্যে কোনটি কোন শ্রেণির জন্য সংরক্ষিত তা উল্লেখ করা থাকে। শ্রমদপ্তর এই কাজটি করে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে—১০০টি পদের মধ্যে কোনটি সাধারণ শ্রেণি, এসসি, এসটি, ওবিসি, অর্থনৈতিক অনগ্রসর শ্রেণি প্রভৃতির জন্য সংরক্ষিত।

    রাজ্য সরকার সম্প্রতি ওবিসির ৬৬টি জাতির জন্য সামগ্রিকভাবে ৭ শতাংশ সংরক্ষণের বিজ্ঞপ্তি জারি করেছে। আগে ওবিসি এ শ্রেণির জন্য ১০ এবং ওবিসি বি শ্রেণির জন্য ৭ শতাংশ সংরক্ষণ ছিল। মোট জাতির সংখ্যা ছিল ১৪০। ওবিসির এই শ্রেণিবিভাগ তুলে দেওয়া হয়েছে। 

    এই নয়া সংরক্ষণ ব্যবস্থার ভিত্তিতে শূন্যপদের রোস্টার করা হয়েছে নতুনভাবে। আগামী দিনে সরকারি দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানে শূন্যপদে প্রচুর নিয়োগ হবে। জানিয়েছে রাজ্য সরকারের শীর্ষস্তর। তার জন্যই বিভিন্ন দপ্তর থেকে শূন্যপদের তালিকা চাওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্যই নতুন রোস্টার করা হল। মনে করছে প্রশাসনিক মহল।
  • Link to this news (বর্তমান)