মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনি, উদ্ধার করল পুলিশ
বর্তমান | ২৭ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইল চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ উঠেছে শিয়ালদহ ফ্লাইওভারের নীচে। মঙ্গলবার দুপরে ঘটনাটি ঘটেছে। উত্তেজিত জনতা ওই যুবককে ধরে বেধড়ক মারধর শুরু করেন বলে অভিযোগ। কোনোক্রমে তিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে এলে এন্টালি থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁর কাছ থেকে মোবাইল পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর জেনারেল ডায়েরি করে কালাম নামে বেনিয়াপুকুরের ওই বাসিন্দাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবক একটি বেসরকারি বাসে ছিলেন। বাসের যাত্রীরা সন্দেহ করেন তিনি মোবাইল ফোন হাতাচ্ছেন। বিভিন্ন যাত্রীর পকেটে হাত দিয়েছেন। বাসের সকলে তাঁকে ঘিরে ধরেন। বাসটি শিয়ালদহে বিদ্যাপতি সেতুর সামনে এলে নেমে পড়েন ওই যুবক। নেমে পড়েন কয়েকজন যাত্রীও। তাঁদের হাত থেকে বাঁচতে ওই যুবক দৌড় লাগান। তাঁকে ধাওয়া করে যাত্রী সহ পথচলতি মানুষ। কিছু পরে ধরা পড়ে যান যুবক। শুরু হয় মারধর। যুবক কোনোক্রমে সেখান থেকে দৌড় লাগান। কাছে ছিল এন্টালি থানার পুলিশ। তাদের গোটা ঘটনার কথা জানান ওই যুবক। অফিসাররা তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। যুবক পুলিশের কাছে তিনি দাবি করেন, কোনো কিছুই চুরি করেননি। মোবাইল চোর সন্দেহে তাঁকে মারধর করা হয়েছে। কেউ অভিযোগও করেননি ওই যুবকের বিরুদ্ধে। তাঁর সমস্ত কিছু তথ্য পরীক্ষার পরও ছেড়ে দেওয়া হয়।