• মাটির অভাব, কুমোরটুলিতে আলোচনাতেও কাটল না জট, উদ্বেগ মৃৎশিল্পীদের
    বর্তমান | ২৭ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এখনও মূর্তি তৈরির মাটি অমিল। ফলে অবস্থা আরও শোচনীয় আকার নিল কুমোরটুলিতে। এই শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। তাঁরা জানান, এরকম অবস্থা চললে আগামী সপ্তাহের মধ্যে মুখ থুবড়ে পড়বে বাংলার গর্ব পটুয়াপাড়ার কাজকর্ম। সমিতির বক্তব্য, বিষয়টি নিয়ে বার বার আলোচনাতেও কাটল না জট। মঙ্গলবারও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কথা বলছেন মৃৎশিল্পী সংগঠনের কর্তারা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, ‘এইভাবে চলতে থাকলে তাঁদের আন্দোলনে নামা ছাড়া অন্য কোনও পথ খোলা থাকবে না।’  

    কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির সাধারণ সম্পাদক বাবু পাল মঙ্গলবার বলেন, ‘আমরা বিষয়টি শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীকে জানিয়েছি। তিনি জট কাটাতে প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। চলতি সপ্তাহে ফের মৃৎশিল্পী সংগঠন আলোচনায় বসবে।’ সমিতির অন্য কর্মকর্তাদের বক্তব্য, এখন নৌকা করে উলুবেড়িয়া থেকে যেটুকু মাটি আসছে তা দিয়েই চলছে প্রতিমা তৈরি। কিন্তু এতে সমস্যা মেটানো সম্ভব হচ্ছে না। আমরা চাই দক্ষিণ ২৪ পরগনার ফলতা, বিষ্ণুপুর, ডায়মন্ডহারবার, ক্যানিং ইত্যাদি জায়গা থেকে যেভাবে প্রতিদিন মাটি আসত তা বজায় থাকুক।

    রবীন্দ্র সরণি, কুমোরটুলি স্ট্রিট, বনমালী সরকার স্ট্রিট সহ পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকায় মৃৎশিল্পীর ঘরের সামনে ডাঁই করে রাখা মাটি চোখে পড়েনি। মৃৎশিল্পী রাজা পাল বলেন, ‘পুজো এগিয়ে আসছে। এখন থেকেই মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু মাটির সমস্যা থাকায় গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে আছি।’ শিল্পী প্রশান্ত পাল, বরুণ পাল বলেন, ‘কাজ না করলে তো পেট চলবে না। এখন মাটির প্রবল সমস্যা। এই সময় প্রতিমার কাঠামো ও বিচালি বাঁধা চলছে। প্রতিমা তৈরির কাজ কিছুটা এগিয়ে রাখছি।’ এই সমস্যার জট কবে খুলবে তার জবাব এখনও মিলছে না বলে আতঙ্ক  বাড়ছে মৃৎশিল্পীদের মধ্যে।  কুমোরটুলিতে তৈরি হচ্ছে প্রতিমা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)