বাংলার কোচিং প্যানেল থেকে বাদ! বিস্ফোরক সৌরাশিস লিখলেন, ‘আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না...’
News18 বাংলা | ২৭ মে ২০২৬
ঈরণ রায় বর্মন, কলকাতা: বাংলার কোচিং প্যানেল থেকে বাদ পড়ার পর সিএবির বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী। সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করে তিনি নাম না করেই সিএবি কর্তাদের উদ্দেশে কড়া বার্তা দেন। বাংলার প্রাক্তন অনূর্ধ্ব-১৯ দলের কোচের সেই পোস্ট ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সোশ্যাল মিডিয়ায় সৌরাশিস লেখেন, “Some people mistook my silence for weakness and my patience for fragility. They forgot, that even the deadliest storms begins in silence. I may stay calm, but when pushed too far I can become a wildfire merciless enough to destroy without prior warnings।”
বাংলায় যার অর্থ দাঁড়ায়, “কিছু মানুষ আমার নীরবতাকে দুর্বলতা আর আমার ধৈর্যকে অসহায়তা ভেবেছিল। তাঁরা ভুলে গিয়েছিলেন, সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ও নীরবতা দিয়েই শুরু হয়। আমি শান্ত থাকতে পারি, কিন্তু আমাকে যদি সীমার বাইরে ঠেলে দেওয়া হয়, তাহলে আমি এমন এক দাবানলে পরিণত হতে পারি যা কোনও পূর্ব সতর্কতা ছাড়াই সবকিছু ধ্বংস করে দিতে সক্ষম।”
এই পোস্ট ঘিরে জল্পনা বাড়তেই সৌরাশিসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানান, “অবশ্যই খারাপ লাগা থেকেই এই পোস্ট করেছি। বাংলার কোচিং তালিকায় নিজের নাম না দেখতে পেয়েই এই কথাগুলো মনে হয়েছে। ব্যক্তিগতভাবে কারও নাম বলতে চাই না। তবে আমার পোস্টের মাধ্যমেই নিশ্চয়ই আমার বক্তব্য পরিষ্কার হয়েছে। বাকিটা সময় বলবে।”
সঙ্গে তিনি আরও দাবি করেন, “আমি আমার যোগ্যতা ও সাফল্য অনুযায়ী সম্মান পাওয়ার দাবিদার। যদি অন্যায়ভাবে অযোগ্য কাউকে জায়গা করে দেওয়া হয়, তাহলে সেটা ভাল বার্তা দেবে না।”
গত কয়েক বছর ধরেই কোচ হিসেবে বাংলা ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত সৌরাশিস লাহিড়ী। তাঁর কোচিংয়েই বাংলা অনূর্ধ্ব-২৩ দল জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়াও বাংলাকে রানার্সও করেছেন তিনি। লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে সিনিয়র দলের কোচিং স্টাফেও ছিলেন সৌরাশিস। সেই সময় রঞ্জি ট্রফির ফাইনালেও উঠেছিল বাংলা। এমনকী, বাংলা থেকে একমাত্র কোচ হিসেবে বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করার সুযোগও পান তিনি।
তবুও এবার বাংলার কোচিং প্যানেলে জায়গা হয়নি শতাধিক রঞ্জি ম্যাচ খেলা এই প্রাক্তন ক্রিকেটারের। যদিও এখনও পর্যন্ত সিএবির তরফে সরকারিভাবে কোচিং প্যানেলের নাম ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফত যে তালিকা সামনে এসেছে, তাতে সৌরাশিসের নাম নেই বলেই খবর।
সিএবি সূত্রে কানাঘুষো শোনা যাচ্ছে, এ বছর কোচ বাছাইয়ের জন্য বিশেষ তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি নাকি সৌরাশিসের ইন্টারভিউ প্রেজেন্টেশনে সন্তুষ্ট নয়। যদিও এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন সৌরাশিস। তাঁর কথায়, “ইন্টারভিউ চলাকালীন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার কোনও ব্যবস্থাই ছিল না।”
সূত্রের খবর, কোচদের নাম সরকারিভাবে ঘোষণার আগেই ওই তিন সদস্যের কমিটির এক সদস্য নাকি ফোন করে সৌরাশিসকে জানিয়ে দেন যে তাঁকে নেওয়া হচ্ছে না। পাশাপাশি এটাও বলা হয়, সিএবিতে নাকি অনেকেই তাঁকে পছন্দ করেন না।
এই প্রসঙ্গে সৌরাশিসের সাফ বক্তব্য, “আমার থেকে যোগ্য কাউকে কোচ করা হলে আমার কিছু বলার নেই। কিন্তু কোচ হিসেবে আমার সাফল্য অনেক বেশি। আমার বায়োডাটা দেখলেই সেটা বোঝা যাবে। গত বছর বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে আমি চ্যাম্পিয়ন দলের হেড কোচ ছিলাম। বর্তমান বাংলা দলের একাধিক ক্রিকেটার অনূর্ধ্ব-২৩ দলে আমার অধীনে খেলেছে। ভারতীয় দলের পেসার আকাশ দীপের উত্থানও আমার সময়েই।”
এদিকে সৌরাশিসের সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সিএবি বলেই খবর। আপাতত কোচিং প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি সৌরাশিসকে বিশেষ কোনও দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে সূত্রের দাবি। বাংলা ক্রিকেটে কী করে তাঁকে ব্যবহার করা যায় সেই নিয়ে আলোচনা চলছে। এমনকী, ড্যামেজ কন্ট্রোল করতে প্রয়োজনে সিনিয়র দলের বোলিং কোচ হিসেবেও তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর।