• চিকেনস নেক: দুই ফোর্স আরও তৎপর
    এই সময় | ২৭ মে ২০২৬
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

    পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরেই শিলিগুড়ি করিডর বা 'চিকেনস নেক'কে ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজার পদক্ষেপ শুরু করেছে ভারত সরকার৷ ডাবল ইঞ্জিন সরকারের নীতিতে কেন্দ্র-রাজ্য যৌথ সহযোগিতার মাধ্যমেই শুরু করা হয়েছে এই এলাকাকে কেন্দ্র করে দেশের সামরিক পরিকাঠামো বিস্তারের কাজ৷ এই মর্মেই তাত্‍পর্যপূর্ণ হয়েছে তিনটি কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, আইটিবিপি এবং সশস্ত্র সীমা বল বা এসএসবি-র ভবিষ্যৎ পরিকল্পনা৷

    দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, এই এলাকায় নিজেদের একটি হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা করেছে বিএসএফ৷ সূত্রের দাবি, এই ইস্যুতে বিএসএফের ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একপ্রস্ত আলোচনাও হয়েছে৷

    শুধু বিএসএফ নয়, 'চিকেনস নেক' সংলগ্ন এলাকায় নিজেদের পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট স্থাপন করতে আগ্রহী আর এক কেন্দ্রীয় বাহিনী আইটিবিপি বা 'ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ'ও৷ সূত্রের দাবি, এর জন্য সংশ্লিষ্ট এলাকায় যত দ্রুত সম্ভব ১০০ একর জমি প্রয়োজন৷ তাদের এই 'জরুরি প্রয়োজন' সম্পর্কে রাজ্য প্রশাসনকে ইতিমধ্যেই অবহিত করা হয়েছে বলেও জানা গিয়েছে আইটিবিপি সূত্রে৷ এই এলাকায় স্থায়ী শিবির গড়তে চাইছে এসএসবি-ও৷ সংস্থার তরফে পরিকাঠামো উন্নয়ন খাতে প্রয়োজনীয় জমি দেওয়ার জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানানো হবেও বলেও দাবি স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের৷

    আরও জানা গিয়েছে, বিএসএফ, আইটিবিপি এবং এসএসবির মতো কেন্দ্রীয় বাহিনী চিকেনস নেক সংলগ্ন এলাকায় যে পরিকাঠামো বিস্তারের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে, সেখানে একটি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে লাইন স্থাপনের পরিকল্পনাও রাখা হয়েছে৷ প্রস্তাবিত এই রেললাইনটি ব্যবহার করা হবে শুধুমাত্র নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রেই৷ যে কোনও রকম প্রতিকূল পরিস্থিতির সময়ে এই আন্ডারগ্রাউন্ড রেললাইনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে 'চিকেনস নেক'–সহ উত্তর–পূর্ব ভারতের যে কোনও প্রান্তে জরুরি রিইনফোর্সমেন্ট পাঠানো সম্ভব হবে৷

    সূত্রের দাবি, অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাতর এই সম্ভাব্য পদক্ষেপে 'চিকেনস নেক' সংলগ্ন অঞ্চলে রেললাইন স্থাপনের কাজ রেলমন্ত্রক করলেও সংশ্লিষ্ট লাইনের রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের পুরো দায়িত্ব থাকবে প্রতিরক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে৷ এই প্রসঙ্গেই তাত্‍পর্যপূর্ণ হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসন্ন পশ্চিমবঙ্গ সফর।

  • Link to this news (এই সময়)