অবশেষে পুলিশের জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। ওডিশার পুরী থেকে আটক করা হলো দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপকে। সভা থেকে বিজেপি কর্মী ও পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়। এর পর থেকেই উধাও হয়ে যান তিনি। অবশেষে পুরী থেকে বেঙ্গল STF-এর হাতে ধরা পড়লেন বিধায়ক। বুধবার তাঁকে কলকাতায় আনা হচ্ছে।
রাজ্যে পালা বদলের পরেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ। চেয়েছিলেন মামলার দ্রুত শুনানি হোক। যদিও আদালত মামলা দায়েরের অনুমতি দিলেও জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়। প্রায় দেড় সপ্তাহের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
১৪ মে পৈলানে দিলীপের প্রাসাদোপম অট্টালিকায় তল্লাশি চালায় পুলিশ। চোখ কপালে ওঠার মতো সেই বাড়ি। বিশাল লোহার গেট ঠেলে ভিতরে ঢুকলে সুদীর্ঘ লন। সুইমিং পুল, বুদ্ধ মূর্তি থেকে বাঘ, ময়ূরের মূর্তি— বাগানজুড়ে সাজানো। যদিও ১৪ মে-র আগেই চম্পট দেন দিলীপ।
এমনকী ১৮ মে ছেলে অর্ঘ্য মণ্ডল বেআইনি অস্ত্র-সহ গ্রেপ্তার হওয়ার পরেও দিলীপের খোঁজ পাওয়া যায়নি। ঘাপটি মেরে বসেছিলেন ভিন রাজ্যে। ছেলের গ্রেপ্তার হওয়ার ৯ দিনের মাথায় এ বার পুলিশের জালে দিলীপও।