• কালনায় নতুন দোকানে দুঃসাহসিক লুঠপাট, সিসিটিভিতে বন্দি হাড়হিম করা দৃশ্য
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • রাত তখন প্রায় সাড়ে আটটা। দোকানে একাই কাজ সামলাচ্ছিলেন সেলসম্যান শুভ ভৌমিক। বাইরে সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় গোটা পরিস্থিতি। তিন যুবকের আগমন, মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, আচরণে অস্বাভাবিক তাড়াহুড়ো। প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি দোকানের ওই কর্মী। এরপরই সামনে আসে আগ্নেয়াস্ত্র। আর শুরু হয় দুঃসাহসিক লুটের ঘটনা। মঙ্গলবার রাতে কোলডাঙ্গা এলাকার একটি রেস্টুরেন্টে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

    অভিযোগ, বাইকে করে আসা তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের ক্যাশ কাউন্টার থেকে নগদ টাকা লুট করে মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যায়। গোটা ঘটনার কিছু অংশ ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। দোকানের কর্মী শুভ ভৌমিক জানান, রাত সাড়ে আটটা নাগাদ একটি বাইকে তিনজন যুবক দোকানে আসে। প্রথমে তারা বিদেশি মদ চাইতে থাকে। তিনি তাদের জানান, দোকানে তখন বিদেশি মদ চালু হয়নি, বাংলা মদ রয়েছে। এরপর দুষ্কৃতীরা বিভিন্ন মদের বোতল দেখতে চায়।

    দোকানের কর্মী ভেতরে গিয়ে বোতল দেখাতে গেলে আচমকাই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, সেই সময় তিনজনের মধ্যে দুজন আচমকাই দোকানের ভিতরে ঢুকে পড়ে এবং শুভবাবুকে সরে যেতে বলা হয়। তিনি প্রতিবাদ করতেই দুষ্কৃতীরা কোমর থেকে দুটি পিস্তল বার করে ভয় দেখাতে শুরু করে। এমনকি তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে জোর করে এক পাশে বসিয়ে রেখে হুমকি দেওয়া হয়, নড়াচড়া করলেই গুলি করা হবে। পরবর্তীতে কয়েক মিনিটের মধ্যেই ক্যাশ কাউন্টার থেকে আনুমানিক ১৬ থেকে ১৭ হাজার টাকা লুট করে নেয় দুষ্কৃতীরা।

    শুধু টাকা নয়, আরও কিছু জিনিসপত্র ব্যাগে ভরে নেয় বলেও দাবি কর্মচারীর। ঘটনার পর বাইকে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। পরে দোকানের ওই কর্মী বাইরে বেরিয়ে বাইকের নম্বর দেখার চেষ্টা করলে দেখতে পান, বাইকে কোনও নম্বর প্লেটই ছিল না। ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, এই এলাকায় আগে এমন দুঃসাহসিক লুটের ঘটনা খুব একটা শোনা যায়নি। মাত্র তিন-চার মাস আগে দোকানটি চালু হয়েছিল বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালনাজুড়ে।
  • Link to this news (News18 বাংলা)