ইছাপুর থেকে মৌরিগ্রামে চালু হল নতুন বাস পরিষেবা, উদ্বোধন করলেন বিধায়ক অর্জুন সিং
News18 বাংলা | ২৭ মে ২০২৬
জেলা থেকে হাওড়ার মধ্যে যোগাযোগ আরও সহজ হল। ইছাপুর থেকে মৌড়িগ্রামে চালু হল নতুন বাস পরিষেবা, উত্তর ২৪ পরগনার ইছাপুর থেকে হাওড়ার মৌড়িগ্রাম পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত নতুন বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন জেলার বিস্তীর্ণ এলাকার মানুষজন। নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার উদ্বোধন করেন।
নতুন এই রুট চালু হওয়ায় ইছাপুর ও সংলগ্ন এলাকার নিত্যযাত্রীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। জানা গিয়েছে, বহুদিন ধরেই ইছাপুর স্টোরবাজার এলাকা থেকে মৌড়িগ্রাম পর্যন্ত সরাসরি বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে কর্মসূত্রে প্রতিদিন যাতায়াতকারী মানুষদের একাধিকবার যানবাহন বদল করতে হতো, যার ফলে সময় ও ভোগান্তি দুইই বাড়ছিল।
সেই সমস্যার সমাধান করতেই এই নতুন বাস রুট চালু করা হয়েছে। উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অর্জুন সিং বলেন, ভোটের প্রচারে এলাকায় গেলে সাধারণ মানুষজন তার কাছে ইছাপুর থেকে মৌড়িগ্রাম পর্যন্ত একটি বাস পরিষেবা চালুর দাবি জানাতেন। মানুষের সেই দাবি পূরণ করতে পেরে খুশি বিধায়ক। অবশেষে সেই কাজ সম্পন্ন হল।
এই নতুন বাস পরিষেবা মৌড়িগ্রাম স্টেশন থেকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পর্যন্ত চলবে। বাসটি ব্যারাকপুর স্টেশন, টিটাগড়, খড়দহ, সোদপুর, কামারহাটি, ডানলপ, দক্ষিণেশ্বর, বালি হল্ট, সলপ মোড়, অঙ্কুরহাটি এবং আলমপুর হয়ে চলাচল করবে। ফলে উত্তর ২৪ পরগনা ও হাওড়ার মধ্যে যোগাযোগ আরও সহজ হল বলেই মনে করছেন যাত্রীরা। স্থানীয়দের বক্তব্য, ইছাপুর থেকে ফের বম্বে রোড সংযোগকারী বাস পরিষেবা চালু হওয়ায় বহু মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে। বিশেষ করে অফিসযাত্রী, ছাত্র-ছাত্রী এবং ব্যবসায়ীদের জন্য এই পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মত এলাকাবাসীদের।