• গন্তব্য ছিল আমেরিকা, আকাশে ৮ ঘণ্টা উড়ে ফের দিল্লিতেই নামল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট!
    এই সময় | ২৭ মে ২০২৬
  • দিল্লির মাটি থেকে আটলান্টিক পেরিয়ে সুদূর আমেরিকার সান ফ্রান্সিসকোর উদ্দেশে উড়েছিল বিমানটি। ঘড়ির কাঁটা পেরিয়ে গেল এক, দুই করে টানা আটটি ঘণ্টা। যাত্রীরা যখন মাঝআকাশে আটলান্টিক পাড়ি দেওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তাঁরা জানতে পারলেন অবিশ্বাস্য ঘটনা। মাঝআকাশ থেকেই ইউ-টার্ন নিয়ে বিমানটি ফিরে এসেছে ঠিক যেখান থেকে শুরু করেছিল— সেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেই!

    ২৩০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের এমন অদ্ভুত ‘প্রত্যাবর্তন’ ঘিরে বুধবার (২৭ মে) শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন আট ঘণ্টা আকাশে কাটিয়ে ফিরে আসতে হলো ফ্লাইটটিকে?

    উড়ান সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটিতে একটি অত্যন্ত জটিল ‘প্রযুক্তিগত বিভ্রাট’ বা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি তারা স্পষ্ট করেনি। তবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, দূরপাল্লার আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে মাঝআকাশে সামান্য ত্রুটি দেখা দিলেও সমুদ্রের উপর দিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া হয় না।

    কাজেই সুরক্ষার স্বার্থেই পাইলট বিমানটিকে ফের ভারতের প্রধান বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং ২৩০ জন যাত্রীকে বিকল্প বিমানে সান ফ্রান্সিসকো পাঠানোর পাশাপাশি অপেক্ষার সময়টুকু হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।

    তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিমানযাত্রীদের একাংশের মধ্যে উদ্বেগ বাড়ছে। কারণ, গত ২১ মে-ও বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার অন্য ফ্লাইটের ক্ষেত্রে অবতরণের সময়ে বিমানেটির ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল।

    বিশেষজ্ঞরা বলছেন, এক সপ্তাহের মধ্যে দু’দুটি উড়ানে এমন বিভ্রাট সংস্থার রক্ষণাবেক্ষণের ঘাটতির ইঙ্গিত দিচ্ছে। যদিও সংস্থার দাবি, যাত্রীসুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের অসামরিক উড়ান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, DGCA-র পক্ষ থেকেও এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া বা পদক্ষেপ করা হয়নি।

  • Link to this news (এই সময়)