• বর্ষায় ফের দুর্ভোগের আশঙ্কা, নিকাশি নিয়ে তৈরি নেই মাস্টারপ্ল্যান
    এই সময় | ২৭ মে ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: বর্ষা দোরগোড়ায়। কিন্তু জেলা শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে আজও মাস্টারপ্ল্যান তৈরি হয়নি। জমা জল বের করে দিতে তৈরি হয়নি পুরসভার প্রস্তাবিত পাম্প হাউসও। কয়েক বছর আগে পাম্প হাউস তৈরির জন্য কোচবিহার মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং দপ্তরকে দিয়ে শহরে সমীক্ষা করেছিল তৃণমূল পরিচালিত পুরসভা। কিন্তু সমীক্ষাই সার। ফলে বর্ষায় শহরে জমা জল কালজানি নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা বিশবাঁও জলে। তাই এ বছরও বর্ষায় তাঁদের জলবন্দি দশা কাটাতে হবে বলে শঙ্কিত শহরবাসী। নতুন সরকারের কাছে পুর এলাকার নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাতে মাস্টারপ্ল্যানের দাবি তুলেছেন তাঁরা।

    যদিও তৃণমূল পরিচালিত পুরসভা জানিয়েছে, আসন্ন বর্ষায় যাতে শহরে জল না জমে তার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথের কথায়, 'তৃণমূল পরিচালিত পুর বোর্ডের অপদার্থতার জন্য প্রতি বছর শহরের নাগরিকদের জলবন্দি দশায় কাটাতে হচ্ছে। রাজ্যে নতুন সরকার এসেছে। আমরা আশা করব নতুন সরকার মাস্টারপ্ল্যান তৈরি করে পুর এলাকার বেহাল নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাবে।'

    বিজেপি বিধায়ক পরিতোষ দাস বলেন, 'আমরা পুরসভাকে বিরক্ত করব না। কিন্তু বর্ষায় শহরে জল জমলে তখন আমাদের অন্য কথা ভাবতে হবে।' যদিও পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, 'রাজ্যে নতুন সরকার এসেছে। নতুন সরকার আমাদের যে ভাবে কাজ করতে বলবে আমরা সেভাবেই কাজ করব। এবার বর্ষায় শহরে জল যাতে না জমে তার জন্য পর্যাপ্ত পাম্পসেট ও নৌকোর আগাম ব্যবস্থা করা হয়েছে। কালজানি নদী বরাবর তিনটি ফ্লাড সেন্টারও প্রস্তুত রাখা হয়েছে।'

  • Link to this news (এই সময়)