• সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনে ধৃত ১০ !
    আজকাল | ২৭ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করল সিবিআই। ঘটনায় আবারও একবার শিরোনামে উঠে এসেছে শাহজাহান গড় সন্দেশখালি। 

    তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে ধরা পড়েছে আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। অভিযোগ, গত দু বছর আগে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের ভাঙিপাড়া এলাকায় তিন বিজেপি কর্মী খুনের ঘটনায়(একজন নিরুদ্দেশ থাকায় অনুমান, তাঁকেও খুন করা হয়েছে) তাঁর নাম জড়িয়েছিল। 

    নিহত তিন বিজেপি কর্মী- প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল। তাঁদের কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ২০১৯ সালের ৮ জুন লোকসভা নির্বাচনের পর সন্দেশখালির ভাঙিপাড়ায় ঘটে। পরিবারের অভিযোগ, প্রদীপ মণ্ডলকে খুন করার পর তাঁর দেহ টুকরোটুকরো করে কেটে ভেড়ির জলে ফেলে দেওয়া হয়েছিল। 

    কাদের মোল্লার বিরুদ্ধে গুলি চালানো, খুন, এলাকায় সন্ত্রাস সৃষ্টি, রাহাজানি ও ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। 

    স্থানীয় সূত্রের দাবি, শেখ শাহজাহানের মদতেই দীর্ঘদিন ধরে এলাকায় দাপট চালাত কাদের মোল্লা ও তাঁর অনুগামীদের। তৎকালীন নির্বাচন পরবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বলেও অভিযোগ ওঠে। প্রথমে সন্দেশখালি থানার পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলার তদন্তভার নেয় সিআইডি। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

    সিবিআই সূত্রে খবর, দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহের পর এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তদের আজ বারাসত আদালতে তোলা হবে। তদন্তকারীরা দোষীদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারেন বলে সূত্রের খবর।
  • Link to this news (আজকাল)