• রাজু নস্কর কাণ্ডে পুরসভায় হিয়ারিং, আতঙ্কে একাধিক বহুতলের বাসিন্দা
    দৈনিক স্টেটসম্যান | ২৭ মে ২০২৬
  • তৃণমূল নেতা তথা প্রোমোটার রাজু নস্করের একাধিক বহুতলকে ঘিরে কলকাতা পুরসভার কড়া পদক্ষেপে এবার চরম অনিশ্চয়তায় পড়লেন সাধারণ আবাসিকরা। মঙ্গলবার কলকাতা পুরসভার সদর দপ্তরে বিল্ডিং বিভাগের হিয়ারিংয়ে হাজির হন একাধিক বহুতলের বাসিন্দারা। কারও সারাজীবনের সঞ্চয়ে কেনা নতুন ফ্ল্যাট, আবার কেউ নিজের পুরনো বাড়ি প্রোমোটিংয়ে দিয়েছিলেন স্বপ্নের আশায়। এখন সেই স্বপ্নই ভাঙনের মুখে।

    সূত্রের খবর, শহরের অন্তত ১২টিরও বেশি ঠিকানার বাসিন্দারা এদিন হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন। অভিযোগ, সংশ্লিষ্ট বহুতলগুলিতে অনুমোদনহীন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বেলেঘাটার বারোয়ারিতলা রোডের একটি বাড়িকেও নোটিস ধরানো হয়েছে।কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে জারি হওয়া নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পুরসভার নির্দেশ পালন না করলে কলকাতা পুর আইন ১৯৮০-এর ৪০০(১) ধারায় বেআইনি অংশ ৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হতে পারে। পাশাপাশি কেন ওই নির্মাণ ভাঙা হবে না, তা নিয়ে কারণ দর্শানোরও নির্দেশ দেওয়া হয়েছে মালিকপক্ষকে।

    নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ পালন না হলে পুর কমিশনারের নির্দেশে পুরসভাই বেআইনি অংশ গুঁড়িয়ে দেবে বলেও নোটিসে উল্লেখ রয়েছে। এমনকি ভাঙার খরচও সংশ্লিষ্ট মালিক বা দখলদারের কাছ থেকেই আদায় করা হবে বলে জানানো হয়েছে।এই পরিস্থিতিতে কার্যত দিশেহারা আবাসিকরা। অনেকেই দাবি করেছেন, তাঁরা সমস্ত সঞ্চয় খরচ করে ফ্ল্যাট কিনেছিলেন। কেউ আবার পুরনো বাড়ি ভেঙে প্রোমোটিংয়ে দিয়েছিলেন ভালোভাবে থাকার আশায়। এখন মাথার উপর ছাদ হারানোর আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে তাঁদের।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)