• নিশানায় কল্যাণ! শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সব পদ ছাড়লেন কাকলি
    প্রতিদিন | ২৭ মে ২০২৬
  • শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সব পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। মঙ্গলবারই কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে একাধিক ইস্যুতে শীর্ষ নেতৃত্বকে একহাত নিয়ে দলের সবপদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা বারাসতের সাংসদের। ইতিমধ্যে এই সংক্রান্ত  চিঠিও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন। যেখানে নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। পাশাপাশি আর জি কর, রেশন দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে বিস্ফোরক সাংসদ। তবে দলের একজন কর্মী হিসাবে যে কাজ করে যাবেন তা স্পষ্ট তাঁর চিঠিতে।

    সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার লিখছেন, ‘অত্যন্ত দুঃখ এবং উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আমি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন পদ-সহ দলের অন্যান্য সাংগঠনিকপদ, কমিটি ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছি।’ আর এই পদে না থাকার কারণ হিসাবে নাম না করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন সাংসদ। তিনি লিখছেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদের প্রতি অন্য একজন অশিক্ষিত, অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা, সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারের এহেন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

    শুধু তাই নয়, আর জি কর, রেশন দুর্নীতি ইস্যুতেও শীর্ষ নেতৃত্বকে একহাত নিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, ছাব্বিশের বিধানসভা ভোটে দলের বড় বিপর্যয়ের পরেই লোকসভায় মুখ্য সচেতক বা চিফ হুইপের পদ থেকে কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই সমাজমাধ্যমে বোমা ফাটান। শুধু তাই নয়, আইপ্যাক-সহ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটিয়ে বারাসত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন কাকলি। তাঁকে ঘিরে শুরু হয় দলবদলের জল্পনা।

    এরমধ্যেই মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন সাংসদ। সেই জল্পনা আরও তীব্র হয়। যদিও এক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য ছিল, এটা প্রশাসনিক বৈঠক। আমন্ত্রণ পাওয়ায় এসেছি। এরপরেই আজ, বুধবার দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা। তবে দলবদল যে করছেন, তা স্পষ্ট সুব্রত বক্সিকে লেখা চিঠিতে জানিয়েছেন কাকলি।
  • Link to this news (প্রতিদিন)