জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়, মিলল বিপুল কার্তুজ! গ্রেপ্তার ২
প্রতিদিন | ২৭ মে ২০২৬
এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে মিলল টাকার পাহাড়! শুধু তাই নয়, উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রয়েছে সেভেন এমএম পিস্তল, এয়ারগান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে। গ্রেপ্তার হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা। তাঁর ভাই সুজিত কুমার সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ২৭ লক্ষ টাকা। জানা গিয়েছে, অজিত সাহা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। এই গ্রেপ্তারির ঘটনায় হাবরা-মছলন্দপুর এলাকায় জোর গুঞ্জন ছড়িয়েছে।
মঙ্গলবার রাতে গোবরডাঙা থানার পুলিশ মসলন্দপুরে দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুবীর সাহার বাড়িতে হানা দেয়। দীর্ঘ সময় তাঁদের বাড়িতে চলে তল্লাশি অভিযান। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা প্রথমে জানা গিয়েছিল। পরে জানা যায়, ২৭ লক্ষের বেশি টাকা বাড়ি থেকে উদ্ধার হয়েছে। কেন ওই বিপুল টাকা বাড়িতে মজুত ছিল? ওই টাকা কার? কি জন্য টাকা মজুত ছিল? সেই প্রশ্ন উঠেছে। কিন্তু কোনও যথাযথ উত্তর দুই তৃণমূল নেতাই জানাতে পারেননি।
শুধু টাকাই নয়, বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ৬২৬ রাউন্ড গুলি। এছাড়াও উদ্ধার হয়েছে ৬১টি গুলির খোল। বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে একটি সেভেন এমএম পিস্তল ও একটি এয়ারগান। অস্ত্র, গুলি, টাকাই নয়, তাঁদের বাড়ি থেকে মিলেছে ৫২ বোতল বিদেশি মদের বোতল! এসব কীভাবে বাড়িতে এল? সেসবের কোনও সদুত্তর তৃণমূল নেতারা দিতে পারেননি। রাতেই তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। আজ বুধবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়।
আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সুজিত সাহা জানান, তৃণমূল করে বলে তাকে ফাঁসানো হয়েছে। একই দাবি ধৃত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা অজিত সাহার। ধৃতদের ১০ দিনের হেফাজতে রাখার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তোলাবাজি ও হুমকি এবং একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল দু’জনের বিরুদ্ধে।