• তৃণমূল নেতার পাট ক্ষেতে বস্তা বস্তা টাকা! মাটি খুঁড়তেই উদ্ধার নগদ, গ্রেফতার বাদুড়িয়ার পুুরপ্রধান
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতারের পর আদালত তাঁকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এরপর তদন্তের অংশ হিসেবে পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে একাধিক স্থানে তল্লাশি অভিযান চালায়। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    এলাকাবাসীরা জানায়, টাকা ভর্তি ৪টি ব্যাগ ও ১ টি বস্তা উদ্ধার করে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে একটি পাট খেতে থেকে বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ তারিখ রাতে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন যে পার্টি অফিস থেকে গভীর রাতে একটি ভ্যানে করে সরকারি ত্রিপল সরানো হচ্ছে। সন্দেহ হওয়ায় তাঁরা বাদুড়িয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্ত সহ তাঁর সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর পার্টি অফিসের সামনে থাকা বেশ কিছু নথিপত্র পোড়ানো অবস্থায় পাওয়া যায়।

    পরবর্তীতে পার্টি অফিসের পিছনে একটি বাগানবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার করে। ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত আরও জোরদার করে পুলিশ।

    এরপর ২৫ তারিখ রাতে একটি হোটেল থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাঁর বাড়ির পাশে একটি পরিত্যক্ত পৌরসভা পরিচালিত কম্পিউটার সেন্টারেও তল্লাশি চালানো হয়, যেখানে আরও বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার হয় বলে পুলিশ দাবি করেছে।

    পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ পার্টি অফিস এবং সংলগ্ন পাটখেতে অভিযান চালায়। সেখানে মাটির নিচ থেকে চারটি ব্যাগ ও একটি বস্তায় ভরা ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, প্রতিটি ব্যাগেই বিপুল পরিমাণ ৫০০ টাকার বান্ডিল ছিল।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকার সঠিক পরিমাণ এখনও গণনা করা হয়নি। সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)