• কানফাটানো শব্দ, বেপরোয়া হাবভাব! রাস্তায় বাইক নিয়ে বেয়াদপি বন্ধ
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • : কানফাটানো আওয়াজ, রাস্তায় বেয়াদপি! সব এবার বন্ধ। বেআইনি সাইলেন্সার লাগানো মোটরসাইকেল এবার আর বাঁকুড়ার রাস্তায় চলবে না। সংকল্প নিয়েছে বাঁকুড়া পুলিশ।

    মঙ্গলবার রাতে বাঁকুড়া সদর থানা ও বাঁকুড়া সদর ট্রাফিক-এর উদ্যোগে বাইকের অতিরিক্ত শব্দ দূষণ রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী কিছু মোটরসাইকেল আটক করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের মোটরযানের সাইলেন্সার পরিবর্তন ও শব্দ দূষণ সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন ও অবগত করা হয়।

    সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। সকল যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত শব্দযুক্ত যানবাহন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

    বেশ কিছু গাড়ি নিয়ে এসে জমা করা হয় বাঁকুড়া থানায়। মডিফাইড সাইলেন্সার লাগানোর জন্য গাড়ি গুলোকে ধরা হয়েছে, মঙ্গলবার গাড়ির মালিকদের ডেকে সচেতন করা হয়। জরিমানার পর পুনরায় অরিজিনাল সাইলেন্সার লাগিয়ে দেওয়া হয়। গাড়ি মালিকদের গাড়ি ফেরত দেওয়া হয়। ভবিষ্যতে পুনরায় এরকম হলে গাড়ি আবারও বাজেয়াপ্ত করা হবে ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

    রাস্তা পার হওয়ার সময় বিকট আওয়াজ। সেই আওয়াজ এমন জোরে যেন মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। উৎস হল, মোটরসাইকেলের কাস্টমাইজ করা সাইলেন্সার। অতি উৎসাহিত যুবকরা কিছু কিছু ক্ষেত্রে মোটরসাইকেলের সাইলেন্সার এমন করে দিচ্ছেন যাতে গাড়ি চালালেই বেরোচ্ছে গগনভেদি আওয়াজ, এই আওয়াজের তাড়নায় বাচ্চা থেকে বুড়ো সকলেই বিরক্ত।

    হঠাৎ এমন আওয়াজে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে দুর্বল হার্টের পেশেন্টের, এর সঙ্গে শোনার ক্ষমতাতে সমস্যা তৈরি হতে পারে। সব মিলিয়ে পুলিশের এই অভিযান সাধুবাদ কুড়িয়েছে সাধারণ মানুষের।

    সব মিলিয়ে শব্দ দূষণের বিরুদ্ধে বাঁকুড়া পুলিশের এই কড়া অবস্থান একদিকে যেমন সাধারণ মানুষের স্বস্তি বাড়িয়েছে, তেমনই বেপরোয়া বাইক চালকদের জন্য স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র জরিমানা নয়, ভবিষ্যতে পুনরায় মডিফাইড সাইলেন্সার ব্যবহার ধরা পড়লে আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই এখন প্রশ্ন একটাই— গগনভেদী আওয়াজের দৌরাত্ম্য কি সত্যিই থামবে বাঁকুড়ার রাস্তায়?
  • Link to this news (News18 বাংলা)