• মাত্র ৮ ঘণ্টাতেই কেল্লাফতে! মুর্শিদাবাদে বাইক চুরি চক্রের পর্দা ফাঁস, বাইক উদ্ধারের পাশাপাশি গ্রেফতার ২
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • : মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। মঙ্গলবার রাতে গজনীপুর এলাকা থেকে গ্রেফতার হয় সন্দেহভাজন দুই ব্যক্তি। ধৃতরা হলেন রবিউল শেখ ও রাজিব শেখ। তাদের বাড়ি নদিয়া জেলার চর মুক্তারপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে দু’টি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হরিহরপাড়ার রুকুনপুর মাঠপাড়া এলাকায় বাড়ির সামনে রাখা একটি বাইক চুরি হয়ে যায়। ঘটনার পর বাইকের মালিক শাহজাহান মণ্ডল হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় প্রশাসন। হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নির্দেশে এসআই অভিজিৎ দাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। জোরদার তদন্ত শুরু হয়। কারণ এর আগেও হরিহরপাড়া থানা এলাকায় একাধিক বাইক চুরির ঘটনা ঘটেছে।

    এবার বড় সাফল্য পেল হরিহরপাড়া থানার পুলিশ। অভিযোগ দায়েরের মাত্র আট ঘণ্টার মধ্যে গজনীপুর এলাকা থেকে দু’টি চুরি যাওয়া বাইক-সহ সন্দেহভাজন রবিউল ও রাজিবকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই বাইক চুরি চক্রের সঙ্গে আরও বেশ কিছু লোক যুক্ত রয়েছে। যেহেতু ধৃত দুই ব্যক্তি নদিয়ার বাসিন্দা, তাই এই চক্র মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে নদিয়ায় নিয়ে গিয়ে বিক্রি করত বলে মনে করছে পুলিশ।

    ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ।  ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বহরমপুর আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া বাইক দু’টি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, বাইক চুরি রুখতে রাতের টহলদারি আরও বাড়ানো হবে।
  • Link to this news (News18 বাংলা)