• রেলগেট যন্ত্রণার দিন শেষ! এবার জলপাইগুড়িতে তৈরি হবে জোড়া ফ্লাইওভার, বড় সিদ্ধান্ত রেলের
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • : চা-বলয় থেকে শহর যানজটে স্বস্তি আনতে বড় উদ্যোগ সরকারের! অবশেষে স্বস্তি জলপাইগুড়িতে! তিন নম্বর ঘুমটি ও ডেঙ্গুয়াঝারে তৈরি হচ্ছে উড়ালপুল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে জলপাইগুড়ি শহরে। অবশেষে বাস্তবায়নের পথে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি তিন নম্বর ঘুমটি এবং ডেঙ্গুয়াঝার এলাকায় তৈরি হতে চলেছে উড়ালপুল। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার।

    শহরের অন্যতম ব্যস্ত এলাকা তিন নম্বর ঘুমটি রেল ক্রসিং এবং ডেঙ্গুয়াঝার রেল ক্রসিং দীর্ঘদিন ধরেই যানজটের জন্য বেশ পরিচিত। ট্রেন চলাচলের সময় এখানে যানজট এতটাই তীব্র আকার ধারণ করে যে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। বহুক্ষেত্রে ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হত রেলগেট পেরোনোর জন্য। ফলে স্কুল, অফিস কিংবা জরুরি কাজে যাতায়াত করাও হয়ে উঠত দুঃসাধ্য। স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পেতেও অনেকে ঝক্কি পোহাতে হত। বিশেষ করে ডেঙ্গুয়াঝার চা-বলয় এলাকায় এই সমস্যার প্রভাব আরও বেশি। প্রতিদিন বহু শ্রমিক ও স্থানীয় বাসিন্দা এই রেল ক্রসিং ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে এই দুই এলাকায় উড়ালপুল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ মানুষ।

    নতুন সরকার গঠনের পর এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই দাবি দুই বিধায়কের। অনন্ত দেব অধিকারী জানিয়েছেন, খুব শীঘ্রই তিন নম্বর ঘুমটিতে উড়ালপুল নির্মাণের কাজ শুরু হবে। অন্যদিকে ডেঙ্গুয়াঝার এলাকাতেও দ্রুত একই ধরনের পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    ইতিমধ্যেই ডেঙ্গুয়াঝার সংলগ্ন এলাকায় রাস্তার ধারে থাকা ছোট দোকানগুলিকে ৪৮ ঘণ্টার মৌখিক নোটিশ দিয়েছে প্রশাসন, যাতে দ্রুত এলাকা খালি করা যায় এবং নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়। বহু প্রতীক্ষিত এই দাবি বাস্তবায়িত হলে জলপাইগুড়ি শহরের যানজট সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী সাধারণ মানুষ।
  • Link to this news (News18 বাংলা)