• বিজয়নের বাড়িতে ইডি, সন্দেশখালির কায়দায় তদন্তকারীদের গাড়িতে ইট, পাথর হামলা সিপিএমের
    এই সময় | ২৭ মে ২০২৬
  • বাংলার পর এ বার কেরালা। ২০২৪-এ রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি-র আধিকারিকরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন অফিসার। বুধবার কেরালার তিরুবনন্তপুরমেও দেখা গেল সেই ছবি। প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি করতে যাওয়া ইডি আধিকারিকদের মারধৎ ও তাঁদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএম কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

    বিজয়নের কন্যা বীণা টি-র কোম্পানির সঙ্গে কোচিনের একটি সংস্থার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের তদন্ত শুরু করেছে ইডি। মামলায় বিজয়নের নাম জড়িয়েছে তৎকালীন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কন্যার কোম্পানিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ ঘিরে। সেই মামলাতেই এ দিন সকালে বিজয়নের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।

    ইডির তল্লাশি শুরু করতেই রাস্তায় নেমে পড়েন সিপিএমের কর্মী-সমর্থকরা। শুরু হয় বিক্ষোভ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তিরুবনন্তপুরমে বিজয়নের বাড়ির সামনেও জড়ো হন বিক্ষোভকারীরা। আচমকাই তাঁদের নজরে পডে় তদন্তকারীদের গাড়ির উপরে। অভিযোগ, মুহূর্তের মধ্যে শুরু হয় ভাঙচুর। বাঁশ, লোহার রড নিয়ে গাড়ির কাচে, উইন্ডস্ক্রিনে মারতে শুরু করেন তাঁরা। কয়েক জনকে থান ইট ছুড়তেও দেখা যায়।

    গাড়িতে তখন বেশ কয়েক জন আধিকারিক ছিলেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। সিঁটিয়ে যান একজন মহিলা আধিকারিকও। কিন্তু অভিযোগ, তার পরেও শান্ত হননি সিপিএমের কর্মী-সমর্থকরা। হাতের সামনে যে যা পান, তাই-ই ছুড়তে শুরু করেন। প্লাস্টিকের বোতল, হেলমেট, পাথর বাদ যায় না কিছুই। পরে সিপিএমের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শান্ত হন দলীয় কর্মী-সমর্থকরা।

    ইডি-র তল্লাশি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে তোপ দেগেছেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ইডি-র অভিযানের পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা জনগণের সামনে সিপিএম প্রমাণ করে দেবে।’ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পিনারাই বিজয়নও। তাঁর কথায়, ‘ভাবমূর্তি নষ্ট করতেই এই পদক্ষেপ।’ উল্লেখ্য, চলতি মাসেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের কাছে পরাজিত হয়েছে সিপিএম। তার পরেই কেরালার বাম শীর্ষ নেতার বাড়িতে ইডি-র হানায় শোরগোল পড়ে গিয়েছ।

  • Link to this news (এই সময়)