• অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা পেতে ফর্ম পূরণ করতে হবে: শুভেন্দু অধিকারী
    এই সময় | ২৭ মে ২০২৬
  • আগামী ১ জুন থেকে ‘অন্নপূর্ণা যোজনা’ ফর্মপূরণের কাজ শুরু হচ্ছে। নবান্ন থেকে রাজ্যে এই প্রকল্পের সূচনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ জুন থেকে আগামী ৩ মাস এই আবেদন পূরণের কাজ চলবে। অনলাইন  ও অফলাইনে আবেদন পূরণ করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সকলেই এই ফর্মপূরণ করতে হবে। যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এনরোলমেন্ট হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা পাবেন। কেউ বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    ১) BDO ও পুরসভা থেকে ফর্ম পাওয়া যাবে। বাড়ি বাড়ি গিয়ে এই আবেদন পূরণের যাচাই করা হবে। 

    ২) মুখ্যসচিব এবং অর্থসচিবের নেতৃত্বে আধিকারিকেরা এর সঙ্গে যুক্ত থাকবেন। যাঁরা আধারের কাজ করেন, ভোটার তালিকা তৈরির কাজে যাঁরা যুক্ত, তাঁরা এই কাজ করবেন। 

    ৩) যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের ক্ষেত্রে আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহযোগিতা করবেন। নবনির্বাচিত বিধায়কেরাও ফর্ম পূরণে সহযোগিতা করবেন।

    ৪) কেবলমাত্র উপযুক্ত প্রাপকরা এই প্রকল্পে সুবিধা পাবেন। যে ফর্ম দেওয়া হচ্ছে, সেখানে উপভোক্তার পরিবার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হবে। ওই পরিবারকে আরও একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা দিতে এই তথ্য চাওয়া হবে।

    ৫) আগামী ১৫, ১৬, ১৭ জুন ‘জনকল্যাণ শিবির’ হবে। সেখানেও ফর্ম পূরণ করার বিষয়ে সহযোগিতা করা হবে।

    ৬) বর্তমানে ২ কোটি ২০ লক্ষ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রাপক রয়েছেন। তবে SIR-এর পরে মৃত, ভুয়ো, স্থানান্তরিত এমন কমবেশি ৩০ লক্ষ নাম বাদ যাবে। উল্টো দিকে, নতুন আবেদন জমা পড়বে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সকলকেই ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম পূরণ করতে হবে।

    ৭) ধীরে ধীরে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর উপভোক্তাদের ‘অন্নপূর্ণা যোজনা’য় এনরোলমেন্ট করা হবে। তবে কাউকে তাড়াহুড়োয় করে আবেদন না করার পরমার্শ দেওয়া হয়েছে। যতদিন না কোনও উপভোক্তা ‘অন্নপূর্ণা যোজনা’য় অন্তর্ভুক্ত হচ্ছেন, ততদিন তিনি লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হবেন না।

    মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আমরা ভেবেছিলাম তালিকা ভেরিফায়েড।  কিন্তু অনেক অভিযোগ এসেছে। ভুয়ো প্রাপক, অভারতীয়দের বাদ দেওয়া হবেই। স্বচ্ছতা বজায় রাখতে উপযুক্তদের টাকা দেওয়া হবে। এই স্কিম তাদেরই।’

  • Link to this news (এই সময়)