ছাদ থেকে পড়ে মৃত পরিচালক অনীক দত্ত, উদ্ধার সুইসাইড নোট, কারণ ঘিরে ধোঁয়াশা
এই সময় | ২৭ মে ২০২৬
স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালক অনীক দত্তের (৬৩)। গড়িয়াহাট থানা সূত্রে খবর, বুধবার সকালে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। অনীক দত্তের হাতের লেখার সঙ্গে সেই চিঠির হস্তাক্ষর মিলিয়ে দেখছে পুলিশ। চিঠিতে যদিও কারও নামোল্লেখ করা হয়নি।
গড়িয়াহাটের কাছে একটি আবাসনে থাকতেন অনীক দত্ত। তবে বুধবার তাঁর স্ত্রী সন্ধি দত্তের হিন্দুস্তান পার্কের ফ্ল্যাটে গিয়েছিলেন পরিচালক। সেখান থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে হাসপাতালকে জানানো হয়েছে। তবে তিনি কেন ছাদে উঠেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পরিচালকের স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই সময় অনলাইনকে জানিয়েছেন, হাসপাতালে রয়েছেন। কোনও মন্তব্য করতে চাননি সন্ধি।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত। অবসাদগ্রস্তও ছিলেন বলে শোনা যাচ্ছিল মাঝেমধ্য়ে। ফলে আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছে গড়িয়াহাট থানার পুলিশ। পৌঁছেছে হোমিসাইড শাখাও। এলাকার বাসিন্দারা, বিশিষ্টরা ভিড় জমিয়েছেন পরিচালকের বাড়িতে। হাসপাতালে পৌঁছেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা জিতু কামাল, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, প্রযোজক ফিরদৌসুল হাসান-সহ বেশ কয়েকজন।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বুধবারই সুইডেন থেকে কলকাতায় ফিরবেন তাঁর মেয়ে। বৃহস্পতিবার অনীক দত্তের ময়নাতদন্তের রিপোর্ট আসতে পারে বলে সূত্রের খবর। মেয়ে কলকাতায় আসার পরেই পরিচালকের শেষকৃত্যর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
পরিচালনায় আসার আগে প্রায় দু’দশক বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন অনীক। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে আসেন অনীক। সিরিও-কমিক জঁরের আপাত ভৌতিক কাহিনির আড়ালে অনীক সুনিপুণ কায়দায় ফুটিয়ে তুলেছিলেন আর্বান কলকাতার ক্ষয়িষ্ণুতার কথা। এর পর পরিচালক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটগল্প অবলম্বনে তৈরি করেন ‘আশ্চর্য প্রদীপ’। এ ছাড়াও ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’-র মতো ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের।