অনীকদা ছিলেন নির্ভীক, শাসকের বিরুদ্ধে কথা বলতেও ভয় পাননি: কমলেশ্বর মুখোপাধ্যায়
এই সময় | ২৭ মে ২০২৬
অনীকদা নেই! খবরটা যখন প্রথম শুনলাম গোটা শরীর কাঁপছিল। এমন খবর যে এমন অসময়ে আসবে, সেটা আমি ভাবতে পারিনি। এত ভালো মানুষ যে এ ভাবে চলে যাবেন, সেটা মেনে নেওয়া খুব কঠিন। মেনে নেওয়া সম্ভবও নয়। মানতে পারছিও না।
অনীকদার সঙ্গে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। বহুবছরের চেনা-পরিচিতি। অনীকদা যখন বিজ্ঞাপনে কাজ করতেন, সেই সময় থেকে আমাদের যোগাযোগ। তার পর তো ইন্ডাস্ট্রিটে কাজ করলাম। অনীকদার পরিচালনায় 'মেঘনাদবধ রহস্য'-তে অভিনয় করেছিলাম। অনীকদার প্রতিটি ছবিই তৈরি হতে দেখেছি চোখের সামনে।
এক অদ্ভুত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল। আমি স্তম্ভিত। অনীকদার মতো স্পষ্টবক্তা, দৃঢ়চেতা মানুষ অত্যন্ত বিরল। সেই জায়গাটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। ওঁর এই চারিত্রিকগুণগুলি অনীকদাকে আমার চোখে আকর্ষণীয় করে তুলেছিল।
অনীকদার পরিচালিত 'ভবিষ্যতের ভূত' ছবিটি অন্যায় ভাবে নন্দনে রিলিজ করতে দেওয়া হয়নি। আমি দেখেছি সেই ঘটনাগুলিতে অনীকদা কতটা কষ্ট পেয়েছেন। সেই সময়ে ফিল্ম ফেস্টিভ্যালে রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে নন্দন সাজানো নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনীকদা। তার খেসারতও দিতে হয়েছিল অনীকদা। 'ভবিষ্যতের ভূত'-এর মতো 'অপরাজিত'ও নন্দনে শো পায়নি। তবে ভয় পেয়ে পিছিয়ে আসার মানুষ তিনি ছিলেন না। অনীকদার হয়ে প্রতিবাদ জানিয়েছিলাম আরও অনেকের মতো। যে মানুষটা সাহস জুগিয়েছেন, সেই মানুষটাকে এ ভাবে হারাতে হবে, ভাবতে পারছি না।