• অনীকদা খুব টেনশন করতেন, তাই মজা করে ‘প্যানিক দত্ত’ বলতাম: খরাজ মুখোপাধ্যায়
    এই সময় | ২৭ মে ২০২৬
  • ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘আশ্চর্য প্রদীপ’। কত যে স্মৃতির পাহাড় পরিচালক অনীক দত্তের সঙ্গে। এমন একজন পরিচালক, যিনি মন ছুঁয়ে যাওয়া গল্প উপহার দিয়েছেন দর্শককে। এমন একজন পরিচালকের কী করে এই মর্মান্তিক পরিণতি হলো আমি কিছুতেই বুঝতে পারছি না। কিছু দিন আগেই তো আমরা রাহুলকে হারালাম। এখন আবার অনীকদা।

    মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কিছু দিন ধরেই। অনীকদা টেনশন করতেন খুব। তাই মজা করে অনীক দত্তকে ‘প্যানিক দত্ত’ বলতাম। তবে একটা বিষয় বলতেই হবে, বৌদি (অনীক দত্তের স্ত্রী) ভীষণ কেয়ারিং ছিলেন। শুটিংয়ে সময়মতো ওষুধ দেওয়া, খাবারের ব্যবস্থা করা, সবটাই বৌদি করতেন। দু’জনের বন্ডিংও ছিল দেখার মতো।

    আজ যখন পিছনে ফিরে দেখছি বার বার মনে হচ্ছে অনীকদার কোন ছবি ছেড়ে কোনটার কথা বলব। অনীকদার মধ্যে একটা ব্যাপার ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে বিড়বিড় করতেন। অনেকবার এমনও হয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে ডেকেছি, অথচ শুনতেও পাননি। বুঝতে পেরেছিলাম হয়তো কোনও সংলাপ ভাবছেন। তবে কোনও অসুস্থতার প্রভাব কখনও কাজে পড়েনি তাঁর।

    বিজ্ঞাপনের কাজ যে ভাবে করেছেন অনীকদা, সেটা অভাবনীয়। তিনি যে ভাবে ভাবতে পারতেন, সেটা হয়তো খুব কম মানুষই পারেন। অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করেছি একসঙ্গে, হাজার হাজার স্মৃতি। এ সব কি আর ভোলা যায়?
  • Link to this news (এই সময়)