• অনীক দত্তকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন 'ভূতের ভবিষ্যৎ'-এর 'মধুমিতা'! আজকাল ডট ইনকে কী বললেন শ্রীলেখা মিত্র
    আজকাল | ২৭ মে ২০২৬
  • ২৭ মে না ফেরার দেশে পাড়ি দিলেন অনীক দত্ত। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ টলিউড। 'ভূতের ভবিষ্যৎ' ছবিতে অনীক দত্তের পরিচালনায় কাজ করেছিলেন শ্রীলেখা মিত্র, তাঁকে দেখা গিয়েছিল মধুমিতা সান্যালের চরিত্রে। এদিন পরিচালকের চলে যাওয়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি।

    অনীক দত্তের মৃত্যুর খবর পেতেই ফোনে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন শ্রীলেখা মিত্র। জানিয়ে দেন তিনি কথা বলার অবস্থায় নেই। যাঁর পরিচালনায় একসময় কাজ করেছেন, তাঁর এই আকস্মিক প্রয়াণের খবরে পাওয়ার পর কথা বলতে গিয়ে গলা বুজে আসে অভিনেত্রীর। কোনও মতে আজকাল ডট ইনকে বলেন, "কথা বলার মতো জায়গায় নেই। যাচ্ছি দেখতে। উনি কী ছিলেন না ছিলেন সেটা নিয়ে কথা বলার অবস্থায় নেই।" ইতিমধ্যেই তিনি হাসপাতালে পৌঁছেছেন। সেখানেও তিন কান্নায় ভেঙে পড়েন।

    পুলিশ ও ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকাই বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। হাসপাতালে পরিচালককে দেখতে হাজির হন পরিচালক সৃজিত মুখার্জি, জিতু কামাল সহ টলিপাড়ার আরও অনেক তারকা। আবাসনের নীচে যে জায়গায় আছড়ে পড়েছিলেন অনীক, সেখানে সেই সময়ও পড়েছিল চাপ চাপ রক্ত। পুলিশ ওই জায়গাটি এনক্লোজ করে দেয়। খবর পেয়ে পরিচালকের বাড়িতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ আরও জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পূর্ণাঙ্গ না এলে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ফলে পরিচালকের মত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা এখনও অব্যাহত। আজ সন্ধেবেলায় অনিক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। আবাসনে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।
  • Link to this news (আজকাল)