আজ নয়, বৃহস্পতিবার হবে অনীক দত্তের শেষকৃত্য! সরকারের পক্ষ থেকে কী প্রস্তাব রুদ্রনীলের
আজকাল | ২৭ মে ২০২৬
বুধবার দুপুরে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে যান অনীক দত্ত। তারপরই খবর আসে তিনি আর নেই। অনুমান অনীক দত্ত আত্মঘাতী হয়েছেন। কিন্তু পুলিশের তরফে এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি। ইতিমধ্যেই অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকুড়িয়ার কাছে বেসরকারি হাসপাতালে এসে পৌঁছেছেন টলিউডের তাবড় তাবড় অভিনেতা, অভিনেত্রী, চিত্রনির্মাতারা। এসেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
হাসপাতালে অনীক দত্তর মরদেহ দেখে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন শতরূপ ঘোষ। সেখানেই তিনি জানালেন বুধবার শেষকৃত্য হবে না অনীক দত্তের। তাঁর মেয়ে বিদেশে থাকেন। তিনি আসার পরই অনীক দত্তের দাহকাজ সম্পন্ন হবে। আগামীকাল দুপুর বা বিকেলে শেষকৃত্য হতে পারে বলেই তিনি জানিয়েছেন। তিনি এদিন আরও বলেন, 'অনীক দত্ত 'অপরাজিত' বলে একটি ছবি বানিয়েছিলেন, তিনি সত্যিই অপরাজিত ছিলেন।'
অন্যদিকে হাওড়া শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ এদিন হাসপাতালে আসেন এই খবর পেয়ে। বিজেপি নেতা তথা অভিনেতা বাংলার নবনির্বাচিত সরকারের তরফে প্রস্তাব দিয়েছেন নন্দনে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানানোর। যদি পরিচালকের পরিবার সম্মতি দেন তবে সেটা করা হবে।
প্রসঙ্গত, অনীক দত্তের মরদেহ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে এসএসকেমে নিয়ে যাওয়া হবে। সেখানে আজ, অথবা আগামীকাল ময়নাতদন্ত হবে। অনীক দত্তের বডি পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে আজ।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ আরও জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পূর্ণাঙ্গ না এলে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ফলে পরিচালকের মত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা এখনও অব্যাহত। প্রসঙ্গত, কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। আবাসনে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।