• 'বাংলা সিনেমার বড় ক্ষতি হয়ে গেল', প্রয়াত অনীক দত্ত, 'অপরাজিত'র স্রষ্টার প্রয়াণে কী বললেন শোকাহত শতদীপ সাহা
    আজকাল | ২৭ মে ২০২৬
  • বুধবার, ২৭ মার্চ দুপুরে আচমকাই খবর আসে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত। সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়ার কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। এর কিছুক্ষণের মধ্যে জানা যায়, তিনি আর নেই। অনীক দত্তের প্রয়াণের খবরে শোকাহত গোটা টলিউড। তাঁর পরিচালিত ছবি 'অপরাজিত' রিলিজ করেছিলেন প্রযোজক, ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা। এই খবর পাওয়ার পর যারপরনাই ভেঙে পড়েছেন তিনি।

    অনীক দত্তের প্রয়াণের খবরে আজকাল ডট ইনকে শতদীপ সাহা বলেন, "কিছু বলার মতো নেই। খুব খারাপ লাগছে। ওঁর ছবি, অপরাজিত আমি রিলিজ করেছিলাম। খুবই খারাপ লাগছে। হাসপাতালে যাচ্ছি, রাস্তায় আছি।" কীভাবে ঘটনাটা ঘটল সেই প্রসঙ্গে তিনি বলেন, "শুনেছি, ছাদ থেকে পড়ে গিয়েছেন, বাকিটা গেলে জানতে পারব।"

    এমন ঘটনার পর কিছু বলার মতো অবস্থায় না থাকলেও, অনীক দত্তের সঙ্গে কাজের স্মৃতি হাতড়ালেন। অপরাজিতর প্রসঙ্গ টেনে বলেন, "ভীষণ ভাল অভিজ্ঞতা ছিল। 'অপরাজিত' তো দারুণ ব্যবসা করেছিল। 'ভূতের ভবিষ্যৎ'-ও তো জাঁকিয়ে ব্যবসা করেছিল। একজন ভাল পরিচালককে আমরা হারালাম। বাংলা সিনেমার বিশাল ক্ষতি হয়ে গেল একটা। ওঁর ছবি আসা মানে সেটা ভাল চলবে, এটাই আশা করি। কিছু বলার মতো অবস্থায় নেই।"

    পুলিশ ও ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকাই বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। হাসপাতালে পরিচালককে দেখতে হাজির হন পরিচালক সৃজিত মুখার্জি, জিতু কামাল সহ টলিপাড়ার আরও অনেক তারকা। আবাসনের নীচে যে জায়গায় আছড়ে পড়েছিলেন অনীক, সেখানে সেই সময়ও পড়েছিল চাপ চাপ রক্ত। পুলিশ ওই জায়গাটি এনক্লোজ করে দেয়। খবর পেয়ে পরিচালকের বাড়িতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ আরও জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পূর্ণাঙ্গ না এলে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। ফলে পরিচালকের মত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা এখনও অব্যাহত। আজ সন্ধেবেলায় অনিক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। আবাসনে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।
  • Link to this news (আজকাল)