অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তিনি স্পষ্ট জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের সকলেই এই ফর্মপূরণ করতে হবে। নতুন করে আবেদন করবেন যাঁরা, তাঁদেরও এই ফর্ম ফিল-আপ করতে হবে। ‘এই সময় অনলাইন’-এর হাতে এসেছে এই ফর্ম। মোট ১২ পাতার সেই ফর্মে আবেদনকারীর থেকে নানা তথ্য নেওয়া হচ্ছে।
পরিবারের সব সদস্যের নাম-পরিচয় দিতে হবে সেই ফর্মে। জন্ম তারিখ থেকে শুরু করে রেশন কার্ডের তথ্যও দিতে হবে। রয়েছে ঠিকানা এবং যোগযোগ নম্বর দেওয়ার জায়গাও। দিতে হবে ভোটার আইডির তথ্যও। এই ফর্মে পরিবারের সব সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড দিতে হচ্ছে।
এছাড়া, পরিবারের কোনও সদস্যের নামে জমি রয়েছে কি না, কী ধরনের ঘর রয়েছে, সেই তথ্য দিতে হবে। পরিবারের কোনও সদস্যের নামে চার চাকা গাড়ি থাকলে তার তথ্য দিতে হবে ফর্মে।
পরিবারের সদস্যের সরকারি বা বেসরকারি স্বাস্থ্যবিমা থাকলে তার সব বিবরণ দিতে হবে এই ফর্মে। এছাড়াও পেশার বিবরণ, বার্ষিক আয়ের উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার উল্লেখও করতে হবে সেই ফর্মে।
SIR 2026-এ নাম বাদ পড়লে, যদি সেই মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তার তথ্য দিতে হবে। কোনও কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে, সেই তথ্য দিতে হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ নিয়ে তাড়াহুড়ো করার দরকার নেই। ১ জুন থেকে ৯০ দিন পর্যন্ত এনরোলমেন্ট চলবে। অফলাইন ও অনলাইন, দু’ভাবেই ফর্ম ফিলআপ করা যাবে।