• অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে ভিড় উপভোক্তাদের!
    আজকাল | ২৮ মে ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: শুরুতেই 'সুপারহিট'. অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে স্বতঃস্ফূর্ত মানুষ। প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের আধার লিঙ্ক আবশ্যিক। তাই ভোর রাত থেকে পোস্ট অফিসে লাইন পড়ল মহিলাদের। বুধবার ভোর রাত থেকে লাইন পড়েছে চুঁচুড়ার মুখ্য ডাকঘরের সামনেও।

    সূত্রের খবর, চুঁচুড়ার মুখ্য ডাকঘরের সামনে উপভোক্তাদের কারও হাতে আধার কার্ড। কারও হাতে মোবাইল ফোন। অনেকে নিয়ে এসেছেন সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাতে লম্বা লাইন পড়েছে সেখানে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় ভোররাত থেকেই ভিড় জমেছে ডাকঘরের সামনে। কেউ কেউ লাইন দিয়েছেন ভোর ৩ টে থেকে। কেউ বা আবার লাইন দিয়েছেন ৪টে থেকে।

    আধার লিঙ্ক করতে আসা মহিলারা এদিন জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতেই সকাল থেকে তাঁরা লাইনে দাঁড়িয়ে আছেন। আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও এবার আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে সমস্যা হতে পারে, এমনটাই তাঁরা শুনেছেন। তাই অনিশ্চয়তা কাটাতে আধার লিঙ্ক করতে এসেছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে তাঁদের কোনও অসুবিধে নেই। এতদিন তাঁরা জানতেনই না আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা বাধ্যতামূলক। পাড়ায় খবর ছড়ানোর পরেই তড়িঘড়ি আধার লিঙ্ক করতে উদ্যোগী হয়েছেন।

    এদিন বেলা বাড়তেই ডাকঘরের সামনে ভিড় বাড়তে থাকে। সরকারি পরিষেবা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং অব্যবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিক ভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ করেছেন। যারা লক্ষীর ভান্ডার পান, তারাই অন্নপূর্ণা ভান্ডারের ভাতা পাবেন। নতুন করে যাঁরা আবেদন করবেন, তাঁদের জন্যও ফর্ম দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা অন্নপূর্ণার সুবিধা পেতে আধার লিঙ্ক করাচ্ছেন। তাতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে আপত্তি নেই।
  • Link to this news (আজকাল)