• গোবরডাঙায় TMC নেতার বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা-মদের বোতল এবং অস্ত্র
    আজ তক | ২৮ মে ২০২৬
  • ফের তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। এবার ঘটনাস্থল  ২৪ পরগনার গোবরডাঙা। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৭ লক্ষ টাকা। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকা। 

    নির্বাচন পরবর্তী হিংসা, তোলাবাজি এবং স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ স্থানীয় তৃণমূল নেতা অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। 

    পুলিশ সূত্রে খবর, অজিত সাহা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত। অন্যদিকে, তাঁর ভাই সুজিত সাহা জমি ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে গোবরডাঙায় সাহা পরিবারের বাড়িতে অভিযান চালায়। সেই তল্লাশিতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা, আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিদেশি মদ।

    পুলিশের দাবি, সুজিত সাহার বাড়ি থেকে প্রায় ২৭ লক্ষ টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে ৬০০-রও বেশি কার্তুজ, ৬১টি ব্যবহৃত বুলেটের খোল, একটি স্পোর্টস শুটিং বন্দুক এবং একটি ছোট শটগান। তল্লাশি চালিয়ে আরও ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    ধৃত দুই ভাইকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীরা জানতে চাইছেন, এত বিপুল পরিমাণ গুলি এবং নগদ অর্থ কোথা থেকে এল এবং সেগুলির ব্যবহার কী উদ্দেশ্যে করা হচ্ছিল।

    অন্যদিকে, ধৃতদের আইনজীবীর দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং গুলি বৈধ লাইসেন্সপ্রাপ্ত। পাশাপাশি, উদ্ধার হওয়া নগদ অর্থও ব্যাঙ্ক থেকে আইন মেনেই তোলা হয়েছিল বলে তাঁদের দাবি। পুরো ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।
  • Link to this news (আজ তক)