• রাতের অন্ধকারে ঝালদায় পুলিশি অভিযান, বিপুল অবৈধ পেট্রোলিয়াম উদ্ধার— গ্রেফতার ২
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই শুরু হয় পুলিশের তৎপরতা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ঝালদা থানার পুলিশ ইলু গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত পেট্রোলিয়াম উদ্ধার করল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে প্রায় ৩টা ১০ মিনিট থেকে ভোর ৪টা ১৫ মিনিট পর্যন্ত ঝালদা থানার পুলিশের একটি বিশেষ দল ইলু গ্রামে অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর একটি নির্দিষ্ট জায়গা থেকে ১৬ টি বড় প্লাস্টিকের জারে রাখা আনুমানিক ৮০০ লিটার পেট্রোলিয়াম উদ্ধার হয়। পরে সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

    তদন্তে উঠে এসেছে, ঝাড়খণ্ডের সোনাহাটু ও সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে পেট্রোলিয়াম সংগ্রহ করে এনে তা মজুত করা হচ্ছিল। অভিযোগ, পরে স্থানীয় এলাকায় অধিক মূল্যে সেই তেল বিক্রির পরিকল্পনা ছিল। এই বেআইনি কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জিতেন গড়াইন ও চিত্তরঞ্জন মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় অবৈধ জ্বালানি পাচারের অভিযোগ আসছিল। সেই সূত্র ধরেই নজরদারি বাড়ানো হয়। অবশেষে গোপন সূত্রে আসা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে। এটি জেলা পুলিশের একটি বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

    উদ্ধার হওয়া বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এভাবে আবাসিক এলাকায় বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুরো চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সেই দিকও খতিয়ে দেখছে ঝালদা থানার পুলিশ।

    বর্তমানে  ব্যাপক হারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতির মধ্যে অবৈধ পেট্রোলিয়াম মজুদ। যার ফলে বিতাকে পড়তে হতো সাধারণ মানুষকে। পুলিশের তৎপরতায় দুষ্কৃতীদের এই ছক বানচাল হল।  এতে খুশি সাধারণ মানুষজন।
  • Link to this news (News18 বাংলা)