• গরমে লম্বা ছুটির মাঝেই আচমকা হানা, পরিবেশ শিক্ষায় প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন পরিদর্শক
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • স্কুলে স্কুলে চলছে গ্রীষ্মকালীন ছুটি। এই ছুটিতে ছাত্রদের কাছে পৌঁছে যাচ্ছেন স্কুল পরিদর্শক এবং শিক্ষক। শিক্ষা দফতরের নির্দেশে ছাত্রীদের সামার প্রজেক্টের কাজ দেওয়া হয়েছে গরমের ছুটিতে। গ্রীষ্মকালীন ছুটি বৃদ্ধি করাও হয়েছে। ফলে পড়ুয়াদের হাতে রয়েছে টানা ছুটি। এমত অবস্থায়, উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল চক্রের অধীন পাঁচটি অঞ্চলের ৬১ টি স্কুল ও সংলগ্ন এলাকায় ছাত্র ছাত্রীদের প্রস্তুত করা প্রজেক্টের কাজ পর্যবেক্ষণের কাজ শুরু করেছেন।

    সঙ্গে উপযুক্ত পরামর্শ প্রদান করে তাদের দক্ষতাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করছেন। ছুটিতে বাড়ি থেকে তাদের লেখাপড়া কেমন ভাবে চলছে, সে বিষয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। ছুটির অবস্থা খতিয়ে দেখতে স্কুলে স্কুলে গিয়ে নিজে ক্লাসও নিচ্ছেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপযুক্ত পরামর্শ প্রদান করে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানকে কীভাবে আরও উন্নত করা যায়, যৌথভাবে সেই চেষ্টা করে চলেছেন। গ্রীষ্মকালীন ছুটি তীব্র দাবদাহের কারণে দেওয়া হয়।

    তাই এই প্রচন্ড দাবদাহ নিয়ন্ত্রণ করতে গাছ, খাল, পুকুর, জলাভূমির গুরুত্ব বোঝানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। তাপমাপক যন্ত্র দিয়ে গাছের নিচে, পুকুর পাড়ে, জলাভূমিতে এবং খোলা আকাশের নীচে তাপমাত্রার যে পার্থক্য রয়েছে, সেই পরিবেশ বিষয়ক অভিজ্ঞতা হাতে-কলমে পড়ুয়াদের শেখানো হচ্ছে। গ্রীষ্মের ছুটিতে অবর বিদ্যালয় পরিদর্শকের শিশুদের নিয়ে এমন কর্মসূচি দেখে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে অভিভাবক বৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা খুবই আপ্লুত ও অনুপ্রাণিত।

    এ প্রসঙ্গে অবর বিদ্যালয় পরিদর্শক সূরজ মন্ডল বলেন, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের নির্দেশে গ্রীষ্মকালীন ছুটিতে প্রতিটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট-এর জন্য প্রতি বছর সামার প্রজেক্ট দেওয়া হয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও আমার চক্রের অধীন পাঁচটি অঞ্চলের কিছু স্কুল ভিজিট করে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। শিশুদের শিক্ষার মান উন্নয়ন করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সবিস্তারে আলোচনা করা হয়েছে। শিশুদের ভবিষ্যত নিয়ে অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণ ও উৎসাহ দেখে আমি সন্তুষ্ট।
  • Link to this news (News18 বাংলা)