• বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু যুবকের, ঘুমের ঘোরেই চলে গেলেন চিরঘুমের দেশে...
    News18 বাংলা | ২৮ মে ২০২৬
  • টানা বৃষ্টি ও প্রবল ঝড়ে মাটির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের গাজোলের দেওতলা অঞ্চলের একুশমাইল এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাজেশ পাহান (৩১)।

    স্থানীয় সূত্রের খবর, গত দুদিন ধরে এলাকায় টানা ঝড়-বৃষ্টি চলছিল। সেই কারণে মাটির বাড়ির দেওয়াল নরম ও দুর্বল হয়ে পড়ে। বুধবার ভোরে ফের ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টি শুরু হয়। সেই সময় বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিলেন রাজেশ এবং অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁর মা। ভোরবেলা আবার বৃষ্টি শুরু হয়। এরপর মা সকালে উঠে গরু বাঁধতে যান। ঘরে ফিরে মা দেখেন মাটির দেওয়াল ভেঙে রাজেশের উপর ধসে পড়েছে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাঁকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    স্থানীয় এক বাসিন্দা বিফল সাহা জানান, “দদিনের লাগাতার ঝড় ও বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল নরম হয়ে গিয়েছিল। বাড়িতে মা ও ছেলে থাকতেন। সকালে রাজেশের মা গরু বাঁধতে বাইরে গিয়েছিলেন। সেই সময় রাজেশ ঘুমিয়েই ছিলেন। পরে ফিরে এসে দেখেন বাড়ির মাটির দেওয়াল ধসে পড়েছে রাজেশ। চিৎকার ও বিকট শব্দ শুনে স্থানীয়রা মিলে ছুটে যাই এবং তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।”

    মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় গাজোল থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে  গোটা গ্রামে।
  • Link to this news (News18 বাংলা)