বৃহস্পতিবার মায়াপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১০টা নাগাদ হেলিকপ্টারে করে মায়াপুরের হেলিপ্যাডে পৌঁছনোর কথা তাঁর। সূত্রের খবর, সেখানে নেমেই গোশালায় গিয়ে গোমাতার পুজো করতে পারেন মুখ্যমন্ত্রী। এরপর একটি যজ্ঞানুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, এটি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সফর।
এছাড়াও এই সফরে সাধুসন্তদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। তবে এই সফরে কোনও প্রশাসনিক বা দলীয় কর্মসূচি রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর প্রথমে দক্ষিণ ২৪ পরগনা সফরে গিয়ে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন তিনি। ফলতায় পুনর্নির্বাচনের আগে সেখানে জনসভাও করেছিলেন। এরপর উত্তরবঙ্গ সফরেও প্রশাসনিক বৈঠকে অংশ নেন শুভেন্দু। সম্প্রতি নদিয়ার কল্যাণীতে তিন জেলার প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর মায়াপুর সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল বাড়ছে।