পশ্চিম মেদিনীপুরে ভাতা হারাচ্ছেন ১২ হাজারের বেশি মহিলা
দৈনিক স্টেটসম্যান | ২৮ মে ২০২৬
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার ১২ হাজারেরও বেশি মহিলা উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এখনো অব্দি ১২ হাজার ২১২ জন উপভোক্তার নাম বাদ গিয়েছে। এর মধ্যে খড়গপুর শহর এলাকায় বাদ পড়েছেন ২ হাজার ৮৭০ জন উপভোক্তা।
নতুন রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন আগামী ১ জুন থেকে তাদের নাম উপভোক্তা তালিকায় সরাসরি যুক্ত হওয়ার কথা। তবে এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা এই প্রকল্পের সুবিধে পাবেন না।
যাদের নাম বাদ গিয়েছে তাদের একাংশ নাম তোলার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন। সেই আবেদনের ফয়সালা না হওয়া পর্যন্ত তারা নতুন প্রকল্পের সুবিধা পাবেন। কারা অন্নপূর্ণা যোজনায় অযোগ্য বলে বিবেচিত হবেন পশ্চিম মেদিনীপুরে বর্তমানে সেই যাচাই করার কাজ চলছে । এই যাচাই করার কাজে মঙ্গলবার অব্দি ১২ হাজারেরও বেশি নাম বাদ পড়েছে।
অর্থাৎ এই সংখ্যক মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধে পাবেন না। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন যারা লক্ষীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের সবাই অন্নপূর্ণা যোজনা পাবেন তবে তার আগে যাচাই করা হবে। এই যাচাইয়ের কাজ করতে গিয়েই ১২ হাজারেরও বেশি উপভোক্তার নাম বাদ গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে ।