• 'তাঁর অকাল প্রয়াণ চলচ্চিত্র জগৎ এবং সমগ্র টলিউড পরিবারের জন্য এক বিরাট ক্ষতি....' অনীক দত্তের প্রয়াণে শোকজ্ঞাপন অগ্নিমিত্রা পালের
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • কলকাতা: প্রয়াত পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে হিন্দুস্তান পার্ক এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি পরিচালককে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল লেখেন, “চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তের মর্মান্তিক প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর অকাল প্রয়াণ চলচ্চিত্র জগৎ এবং সমগ্র টলিউড পরিবারের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর অসাধারণ কাজ ও সৃজনশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন এবং বাংলা সিনেমায় অসামান্য অবদান রেখেছেন। এই অত্যন্ত কঠিন সময়ে তাঁর পরিবার, প্রিয়জন, বন্ধু এবং অসংখ্য অনুরাগীর প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

    কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনীকের দেহ। হাসপাতালে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন জীতু কমল, সৃজিত মুখোপাধ্যায়, মানসী সিনহা, দীপ্সিতা ধর, মুমতাজ সরকার, শতরূপ ঘোষ, দেবজ্যোতি মিশ্র-সহ বিশিষ্টজনেরা।

    ২০১২ সালে ব্যতিক্রমী ঘরানার ছবি ‘ভূতের ভবিষ্যৎ’ -এর মাধ্যমে রাতারাতি খ্যাতি পান অনীক। পরের ছবি ‘আশ্চর্য প্রদীপ’-এও কিছুটা বার্তা দিয়েছিলেন পরিচালক। জীতু কমলকে নিয়ে বানানো ‘অপরাজিত’ ছবিটিও ভীষণ জনপ্রিয়তা পায়। বক্সঅফিসে রীতিমতো সাড়া ফেলে দেয় তাঁর ছবি। ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছিল অনীক দত্ত পরিচালিত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পরিবার বা পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। পরিচালকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। তবে ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই নিশ্চিতভাবে মানতে নারাজ তদন্তকারীরা।

    প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, অনীক দত্তের পকেটে প্রেসক্রিপশন ছিল। তাতে যে সমস্ত ওষুধের নাম লেখা রয়েছে, তা মানসিক অবসাদের জন্য দেওয়া হয়। স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। স্ত্রী কাজে ব‍্যস্ত থাকার জন‍্য দেখা করেননি বা সময় দেননি বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। স্ত্রী দেখা না করার পরই ছাদে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)