মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছিল অ্যাকাউন্টে! শুভেন্দুর মন্তব্যের পরেই আটক সেই রাকিবুল
প্রতিদিন | ২৮ মে ২০২৬
পাওয়ার কথা রয়েছে মহিলাদের। কিন্তু সেই টাকা যাচ্ছে কিনা পুরুষদের অ্যাকাউন্টে! তাও আবার প্রত্যেক মাসে মাসে। বুধবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন মু্খ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে ঢুকছিল টাকা। শুধু অনুপ্রবেশকারীই নন, বহু পুরুষের অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাচ্ছে। এই প্রসঙ্গে বহরমপুরের রাকিবুলের উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, ”শুধু রাষ্ট্রবাদী ভারতীয় মহিলারাই পাবেন এই টাকা, কোনও রাকিবুল নন।” এরপরেই জানা যাচ্ছে, রাকিবুলকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ।
কিন্তু কে এই রাকিবুল শেখ? জানা গিয়েছে, মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় একটি হোটেল রয়েছে তাঁর। পেশায় এক ব্যবসায়ী। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দীর্ঘ বছর ধরে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কিন্তু কীভাবে? রাকিবুলের বলেন, ”কীভাবে এই টাকা ঢুকেছে আমি জানতাম না। তবে যখন এই টাকা ঢুকেছিল সেই সময় আমার আর্থিক অনটন চলছিল। তাই তুলে নিয়েছিলাম।” পরে যদিও জানতে পারেন টাকাটা আসলে লক্ষ্মীর ভাণ্ডারের।
রাকিবুলের কথায়, ছোটখাটো একটা ব্যবসা করি। কোনওদিন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করিনি। রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলাম না। এই বিষয়ে স্থানীয় কয়েকজনকে জানিয়েছিলাম। কিন্তু বলা হয়েছিল, ঢুকছে নিয়ে নাও। এমনকী গ্রাম পঞ্চায়েতের প্রধানও এই বিষয়ে কোনওদিন কিছু বলেনি বলে দাবি রাকিবুলের। তবে যে কাজ তিনি করেছেন সেটা যে অন্যায়, তা মানছেন তিনি। যদিও এর কয়েকঘণ্টা পরেই বহরমপুর থানার পুলিশ রাকিবুলকে আটক করে বলে জানা গিয়েছে। কীভাবে তিনি দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। বলে রাখা প্রয়োজন, অভিযুক্ত রাকিবুল এবং তাঁর স্ত্রী সুলতানা পারভীনের নাম এসআইআরের পর ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। বর্তমানে ট্রাইব্যুনালে বিষয়টি রয়েছে।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, অভারতীয়, পুরুষ-যাদের অ্যাকাউন্টে এত দিন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত, তাঁদের নাম এবার বাদ পড়বে। ঝাড়াই-বাছাইয়ের সুবিধার জন্য নতুন করে ফর্ম পূরণের প্রক্রিয়াটি রাখা হয়েছে।আগামীতে শুধু বৈধ নাগরিকরাই (মহিলা) অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।