• ফের দিল্লিযাত্রা মুখ্যমন্ত্রী শুভেন্দুর? শাহী বৈঠকেই সিলমোহর পড়বে মন্ত্রিসভার সম্প্রসারণে!
    প্রতিদিন | ২৮ মে ২০২৬
  • এক সপ্তাহের ব্যবধানে ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব ঠিক থাকলে দ্রুতই রাজধানীর উদ্দেশে রওনা দিতে পারেন শুভেন্দু। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাঁর। বাংলার মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

    বৃহস্পতিবার সকালে মায়াপুর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে গোপূজন, সাধু-সন্ন্যাসীদের সঙ্গে আলোচনার মতো কর্মসূচি রয়েছে তাঁর। মায়াপুর থেকে ফিরেই দিল্লিযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে ওই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা হবে মুখ্যমন্ত্রীর। শোনা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও রাজধানীতে যেতে পারেন। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই সফরেই বাংলার মন্ত্রিসভার সম্প্রসারণে সিলমোহর পড়ে যাবে।

    সূত্রের দাবি, বাংলার সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ হবে শিগগিরই। নতুন মন্ত্রীদের তালিকাও কার্যত চূড়ান্ত। চলতি সপ্তাহে তা পৌঁছে যাবে রাজভবনে। সেটার আগেই অমিত শাহর সঙ্গে একপ্রকার আলোচনা করে নিতে চান মুখ্যমন্ত্রী। চমক থাকলেও মন্ত্রিসভার কলেবর হবে ছোট। তবে রাজ্যের প্রতিটি এলাকা এবং জাতি-উপজাতির প্রতিনিধিত্ব রেখেই মন্ত্রীদের নাম আলোচনা করা হয়েছে।

    যেহেতু জয়ী বিধায়কদের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাপস রায় এবং নিশীথ প্রামাণিক ছাড়া রাজ্য বা কেন্দ্রে মন্ত্রিত্বের অভিজ্ঞতা বাকিদের নেই, তাই মন্ত্রিত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে প্রশাসনিক কাজ পরিচালনার ক্ষেত্রে দক্ষতা। এছাড়া মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বেশ কিছু বিষয়ও মাথায় রেখেছে বিজেপি নেতৃত্ব। জানা যাচ্ছে, যে সমস্ত জেলায় নিরঙ্কুশ দাপট দেখাতে পেরেছে দল, সেখান থেকে পুরস্কার স্বরূপ মন্ত্রিত্ব পাবেন একাধিক বিধায়ক। পূর্ণমন্ত্রিত্বের পাশাপাশি একাধিক প্রতিমন্ত্রীদের নামও চূড়ান্ত করা হয়েছে। তবে সবটাই চূড়ান্ত হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার সাপেক্ষে।
  • Link to this news (প্রতিদিন)