• তিলজলার পরে লেকটাউন, কলকাতায় ফের অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল-পুলিশ
    এই সময় | ২৮ মে ২০২৬
  • তিলজলায় অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বুধবার রাতে লেকটাউনের একটি বহুতলে আগুন লেগে যায়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। আগুন নেভানোর কাজ চলছে। কী ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ৮টা নাগাদ আচমকাই একটি বহুতলে আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে আবাসনের একটি ফ্ল্যাট। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন লাগতেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন অনেকে। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বহুতল ছেড়ে নীচে নেমে আসেন।

    আবাসিকরাই খবর দেন দমকলে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। হাজির হয়েছে পুলিশও। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    দমকল সূত্রে খবর, ওই আবাসনের ফেজ় ওয়ানের একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। কুলিং ডাউনের কাজ চলছে। ফ্ল্যাটের বাসিন্দারাও নিরাপদে রয়েছেন। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

    উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি আনন্দপুরে একটি মোমো তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছিল। পাশাপাশি ২৮ জন নিখোঁজ বলেও ডায়রি হয়েছিল থানায়। এর পরে ১২ মে তিলজলার একটি পাঁচ তলা বাড়ির দোতলার কারখানায় আগুন লেগে গিয়েছিল। সেই ঘটনাতেও ২ জনের মৃত্যু হয়। জখন হন তিন জন। এ বার ফের শহরের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

  • Link to this news (এই সময়)