• Breaking News Live: চলন্ত গাড়িতে আগুন, রাজস্থানে ঝলসে মৃত্যু চার জনের
    এই সময় | ২৮ মে ২০২৬
  • রাজস্থানের আজমের জেলার শ্রীরামপুরা গ্রামে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জনের ঝলসে মৃত্যু। পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বরোদা থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধরী, তাঁর মা পুষি দেবী, তাঁর স্ত্রী সুরজ্ঞান দেবী ও ভাইঝি মহিমা গাড়িতে ছিলেন। অগ্নিদগ্ধ হয়ে তাঁরা মারা গিয়েছেন। পুষিদেবী হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে স্করপিও গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় গাড়িতে আগুন ধরে যায়।

    সতীর্থ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগ তুলে লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। সম্প্রতি কাকলিকে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে কল্যাণকে সেই পদে বসিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, তার পর থেকেই তৃণমূলে বেসুরো কাকলি। এর মধ্যেই তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভাতেও দেখা গিয়েছে। তা নিয়ে নানা জল্পনাও তৈরি হয়েছে। এ বার কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ করলেন কাকলি।

    ইদের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে লিখলেন, ‘ইদুল-আজহার আন্তরিক শুভেচ্ছা! এই উৎসব আমাদের সমাজে ভ্রাতৃত্ববোধ ও সুখের চেতনাকে আরও গভীর করুক। সকলের সাফল্য এবং সুস্বাস্থ্য প্রার্থনা করি।’

    দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও। তার জেরে শনিবার পর্যন্ত তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে।

  • Link to this news (এই সময়)