• দক্ষিণে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস, সন্ধ্যার পরে ‘মনোরম’ পরিবেশের আয়ু কতদিন?
    এই সময় | ২৮ মে ২০২৬
  • কালবৈশাখীর দৌলতে কমেছে তাপমাত্রা। বদলেছে অস্বস্তিকর পরিবেশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃহস্পতিবারও সম্ভাবনা রয়েছে বৃষ্টির? জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।

    পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে বৃহস্পতিবার, শুক্রবার, ২৮ এবং ২৯ মে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

    দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হতেই অনেকটাই কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

    শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়।

    শনিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

    রবিবার ও সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ফের বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে।

    উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ঝড়বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। বৃহস্পতিবার দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    শুক্রবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার ও রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে দু'-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)