• হায়দরাবাদে দু’দিনে দুই পরিযায়ীর রহস্যমৃত্যু, নিখোঁজ আরও দুই! হিলির পশ্চিম আপ্তৈর গ্রামে শোকের ছায়া
    বর্তমান | ২৮ মে ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: হায়দরাবাদে রহস্যজনকভাবে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া হিলির পশ্চিম আপ্তৈর গ্রামে। সেখানে আরও দুই শ্রমিক নিখোঁজ বলে জানা গিয়েছে। আতঙ্কে সাত শ্রমিক তড়িঘড়ি সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। মৃতদেহ আনতে হিলি থেকে হায়দরাবাদ রওনা দিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। তবে মৃত্যুর কারণ এখনও অজানা পরিবারের কাছে। তাদের দাবি, মৃত্যুর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। খুন নাকি অস্বাভাবিক মৃত্যু- এখনও স্পষ্ট করে বলতে পারছে না পরিবার। মৃতদের পরিবার হিলি থানার দ্বারস্থ হয়েছে। হিলি থানার পুলিশ হায়দরাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করছে।

    হিলি থানার পুলিশ জানিয়েছে,একই গ্রামের দু’জনের মৃত্যু হয়েছে। একজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। একজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃতদের নাম বিপুল দাস ও মানিক মণ্ডল। তাঁদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। দু’জনেরই বাড়ি হিলি ব্লকের পশ্চিম আপ্তৈরে। এখনও পর্যন্ত এনিয়ে লিখিত অভিযোগ হয়নি।

    ভোটের ফল ঘোষণার পরই হিলি থানা এলাকার অন্তত ৪৫ জন শ্রমিক মালদহের এক ঠিকাদারের মাধ্যমে রাজমিস্ত্রির কাজে হায়দরাবাদের বিজয়ওয়াড়ায় গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার হঠাৎ বিপুলের মৃতদেহ উদ্ধার হয়। এই মৃত্যু স্বাভাবিক নয় বলে মনে করছেন পরিবারের সদস্যরা। তার পরের দিন শনিবার মানিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দু’জনই একই গ্রামের। সেখানে থাকা আরও দুই পরিযায়ী শ্রমিকের খোঁজ পাচ্ছেন না বাকিরা। এই ঘটনায় সহকর্মীরা চরম আতঙ্কিত। তাঁরা মুখ বন্ধ রেখেই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

    বিপুল ও মানিকের পরিবারের সন্দেহ, হিলির পরিযায়ী শ্রমিকরা হায়দরাবাদে হয়তো স্থানীয় কোনো লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। তার জেরে দু’জনের মৃত্যু হতে পারে।

    মৃত মানিকের বোন দোলন স্বর্ণকার বলেন, একদিন পরপর দাদা ও আরেকজনের মৃত্যুতে আমাদের সন্দেহ হচ্ছে। দাদার কীভাবে মৃত্যু হয়েছে, তা আমাদের কেউ স্পষ্ট করে জানায়নি। আমরা জানতেও পারিনি। ওখানে বাকিরা ফোন করে আমাদের বলছেন, তাঁদের নিয়ে আসার জন্য। একই গ্রামের দু’জনের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। দোলন জানান, মৃতদেহ আনতে গ্রাম থেকে লোক গিয়েছে। ফেরার পরই বিষয়টি পরিষ্কার হবে। মৃত বিপুলের আত্মীয় সরস্বতী হালদার বলেন, পরপর দু’জনের মৃত্যুতে সন্দেহ হচ্ছে। গ্রামের মানুষরা মঙ্গলবার রাতে হিলি থানার দ্বারস্থ হয়েছিলেন। হিলি থানার পুলিশ হায়দরাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। পুলিশ ও মৃতদের পরিবারের মতে, হায়দরাবাদ থেকে বাকিরা ফেরার পরই বিষয়টি স্পষ্ট হবে।  
  • Link to this news (বর্তমান)