রাস্তা-ফুটপাতে দখলদারি ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি পুলিশের
বর্তমান | ২৮ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলাহাটের পর এবার হাওড়া ময়দান এলাকায় জিটি রোড ও ফুটপাত দখল করে বসা অস্থায়ী দোকানিদের সতর্ক করল পুলিশ। বুধবার দুপুরে হাওড়া ট্রাফিক গার্ডের তরফে জি টি রোড এবং সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ঘুরে মাইকিং করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাস্তা কিংবা ফুটপাত দখল করে আর ব্যবসা করা যাবে না। পাশাপাশি যত্রতত্র বাইক বা গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সতর্ক করার পরও কেউ আইন ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হাওড়া সিটি ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া ট্রাফিক গার্ডের অধীন জি টি রোড, নেতাজি সুভাষ রোড, বনবিহারী বোস রোড, পি কে ব্যানার্জি রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরেই অস্থায়ী দোকান বসিয়ে ও ফুটপাত দখল করে ব্যবসা চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যত্রতত্র বাইক ও গাড়ি পার্কিংয়ের সমস্যা। ফলে এই ব্যস্ত রাস্তাগুলি ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে এবং দিনের বেশিরভাগ সময় হাওড়া ময়দান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অফিস টাইমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের দাবি, শুধু যান চলাচল নয়, ফুটপাত দখল হয়ে থাকায় সাধারণ পথচারীদেরও চরম সমস্যায় পড়তে হচ্ছে। বহু জায়গায় ফুটপাত কার্যত অচল হয়ে যাওয়ায় মানুষকে বাধ্য হয়ে রাস্তা দিয়েই হাঁটাচলা করতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সেকারণেই যানজট নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ মানুষের হাঁটাচলার সুবিধার্থে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটছে ট্রাফিক পুলিশ।
বুধবার দুপুরে ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা বিভিন্ন এলাকা ঘুরে মাইকিং করে দোকানদার ও স্থানীয়দের সতর্ক করেন। মাইকিংয়ে জানানো হয়, রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না। একইসঙ্গে রাস্তার ধারে বেআইনিভাবে গাড়ি বা বাইক পার্কিং করলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, আপাতত সতর্কবার্তা দেওয়া হলেও আগামী দিনে অভিযান চালিয়ে গ্রেপ্তারও করা হতে পারে। প্রসঙ্গত, এর আগেই হাওড়া ময়দানের মঙ্গলাহাট এলাকায় রাস্তা ও ফুটপাত দখল ব্যবসা করার অভিযোগে কড়া অবস্থান নিয়েছিল পুলিশ। সেখানে আইন অমান্য করে রাস্তা ও ফুটপাতে ব্যবসা করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই ব্যবসায়ী মহলে চাপা উদ্বেগ তৈরি হয়েছিল। এবার জি টি রোড ও সংলগ্ন এলাকায় কড়া অবস্থানের ইঙ্গিত মিলতেই অস্থায়ী দোকানদারদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশের স্পষ্ট বার্তা, ভবিষ্যতে বেআইনি দখলদারি বা অবৈধ পার্কিং চলতে থাকলে মঙ্গলাহাটের মতোই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।