• দল বিরোধী কাজ করলে কড়া পদক্ষেপ বার্তা বিজেপির, বন্ধ যোগদান পর্ব
    বর্তমান | ২৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তোলাবাজি, দল বিরোধী কাজ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সোনারপুরে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার বৈঠকে কড়া ভাষায় এই বার্তাই দিয়েছে নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাজ্যে পালাবদলের পর অনেক জায়গা থেকেই বিজেপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ইতিউতি অভিযোগ আসতে শুরু করেছিল নেতৃত্বের কাছে। সেসব জানার পরেই কড়া অবস্থান নিলেন বিজেপির সাংগঠনিক জেলার নেতারা। এক পদাধিকারী বলেন, কেউ দলের শৃঙ্খলা ভাঙলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বৈঠকে এ নিয়ে বিশদে আলোচনা হয়েছে।

    এদিকে, তৃণমূলের কাউকে দলে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপি নেতারা। এদিনের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হলে নেতারা বলেন, রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে, তা বলবৎ থাকবে। অর্থাৎ, আগামী তিন-চার মাস কাউকেই দলে যোগদান করানো যাবে না। সূত্রের খবর, ৪ মের পর থেকে অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ শুরু করেছেন। তাঁদের মধ্যে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য ও অন্যান্য পদাধিকারীরা রয়েছেন। তাঁদের আপাতত দলে নেওয়া যাবে না বলে জানিয়েছেন সাংগঠনিক জেলার নেতারা। এদিন এই সাংগঠনিক জেলার কোর কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে মোট ১৩ জন রয়েছেন। কমিটির কাজ হল, সরকারি প্রকল্প বাস্তবায়ন, মানুষ পরিষেবা পাচ্ছেন কি না, তা দেখা ও দলীয় সংগঠনের কাজকর্ম পর্যবেক্ষণ  করা। ওই কমিটিতে জেলার পদাধিকারীরা ছাড়াও রাজ্য নেতৃত্বের সদস্য সহ বিধায়করা রয়েছেন।
  • Link to this news (বর্তমান)