দক্ষিণবঙ্গে দাপট দেখাবে কালবৈশাখী! উত্তাল হতে পারে সমুদ্র, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
প্রতিদিন | ২৮ মে ২০২৬
অবশেষে রাজ্যবাসীর জন্য সুখবর দিল হাওয়া অফিস। কালবৈশাখীর দাপটে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ভাসবে বৃষ্টিতে। উত্তাল হতে পারে সমু্দ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ফলে ভ্যাপসা গরম থেকে নিস্তার পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে উত্তরে বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশে রয়েছে জোড়া অক্ষরেখা। যার প্রভাবে আজ, পূর্ব বর্ধমান ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। আগামিকাল অর্থাৎ শুক্রবার ঝড়-বৃষ্টির দাপট থাকবে দক্ষিণবঙ্গে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উইকেন্ডে অর্থাৎ শনি এবং রবিবারও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলেই খবর। রবিবারের পর বৃষ্টি কমবে, বাড়বে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি।
কেমন থাকবে উত্তরের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আজ এবং আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, মালদহ এবং দুই দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে উত্তাল হতে পারে সমুদ্র, তাই আজ ও আগামিকাল মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।