সংবাদদাতা, কাকদ্বীপ: পুরোদমে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কাজ। দিন রাত জেগে নির্মাণকারী সংস্থার কর্মীরা এখন কাজ করছেন। নদীর উপরে থাম তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত কয়েকদিনের মধ্যে প্রায় ১৪টি থাম তৈরির প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমে লোহার গোল খাঁচা পোঁতা হয়েছে। এবার তার ভিতরে লোহার রড দিয়ে স্টোনচিপ, বালি ও সিমেন্ট মিশিয়ে ঢালাই মশলা ফেলার কাজ শুরু হবে। সেতু নির্মাণের ক্ষেত্রে বড় বড় ক্রেন ও অত্যাধুনিক মেশিনকে কাজে লাগানো হয়েছে। সেতু নির্মাণের বিভিন্ন যন্ত্রপাতি ও জিনিসপত্র রাখার জন্য কাকদ্বীপের প্রায় চারটি জায়গায় অস্থায়ী গুদামঘর তৈরি করা হয়েছে। সেখানেই আপাতত সব জিনিসপত্র মজুত রাখা হয়েছে। এছাড়াও সেতু নির্মাণের বিভিন্ন জিনিসপত্র বহন করার জন্য নদীর তীর পর্যন্ত অস্থায়ী একটি রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তা দিয়েই ডাম্পার ও ছোট গাড়িগুলি যাতায়াত করছে।এবিষয়ে নির্মাণকারী সংস্থার এক কর্মী বলেন, দিনের পাশাপাশি রাতেও আলো জ্বেলে সেতু তৈরির কাজ চলছে। প্রথম পর্যায়ে ১৪টি থাম তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। লোহার খাঁচা পোঁতা হয়ে গিয়েছে। এবার ঢালাই মশলা ফেলার কাজ শুরু হবে। নদীর তীরবর্তী এলাকায় সাত মিটার অন্তর থামগুলি তৈরি করা হচ্ছে। কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা বলেন, মুড়িগঙ্গা নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে। খুব শীঘ্রই আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হবে। আশা করা যায় আগামী চার বছরের মধ্যে এই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। নিজস্ব চিত্র