• ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বাড়িতে এলাকাবাসীর বিক্ষোভ
    বর্তমান | ২৮ মে ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি জিনিসপত্র নিজেদের কাছে রেখে দেওয়ার অভিযোগে কয়েকদিন ধরে উলুবেড়িয়া পুরসভার বিভিন্ন কাউন্সিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। বুধবার সকালে উলুবেড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। সাধারণ মানুষকে বর্জ্য ফেলার বালতি না দিয়ে নিজের কাছে রেখে দেওয়া, আবাস যোজনার বাড়ি পাওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো সহ একাধিক অভিযোগে এদিন বাউড়িয়ার বুড়িখালি নতুনপল্লিতে কাউন্সিলারের বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে বাউড়িয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এদিন সকালে শ’খানেক এলাকাবাসী কাউন্সিলার রীতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। এদিন তাঁরা কাউন্সিলারের বাড়ির লাগোয়া একটি বাড়ির দোতলার উপরে থাকা একটি ঘরে বালতি রেখে দেওয়ার অভিযোগ করেন। তারা পুলিশকে ঘর খুলে দেখতে বলেন। পরে পুলিশ সেই ঘর খুললে ঘরের ভিতর প্রচুর পরিমাণে বালতি পাওয়া যায়।অভিযুক্ত কাউন্সিলারের শাস্তি দাবি করেন বাসিন্দারা।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রীতাদেবী। তিনি বলেন, যখন মানুষের প্রয়োজন হয়েছে, তখন তাঁদের বালতি দেওয়া হয়েছে। এখন যে সমস্ত বালতি আছে, সেগুলি এসআইআর, নির্বাচন এবং সাফাইসাথি বন্ধুদের অসুস্থতার জন্য দেওয়া হয়নি। আবাস যোজনার বাড়ি দেওয়া প্রসঙ্গে তাঁর বক্তব্য, উপযুক্ত লোকেদের বাড়ি দেওয়া হয়েছে। কাউকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়নি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)