• রাজ্যের নতুন একঝাঁক মন্ত্রীর মধ্যে রূপা, শংকর ঘোষ, শপথগ্রহণ জুনের শুরুতেই
    বর্তমান | ২৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে পরিধি বাড়ছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার। বুধবার সকাল ১১টা নাগাদ লোকভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তখনই মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। ঘণ্টা দেড়েক লোকভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তাঁর মন্ত্রিসভায় নতুন কারা প্রবেশ করতে চলেছেন, সেই তালিকাও রাজ্যপালকে দিয়ে এসেছেন তিনি। আজ, বৃহস্পতিবার শুভেন্দু প্রথমে যাবেন নবদ্বীপ-মায়াপুর। সেখানে ইসকনের মন্দিরে পুজো দিয়ে সরাসরি দিল্লি। রাজধানী পৌঁছেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি। জানা যাচ্ছে, বাংলার মন্ত্রী হিসাবে কারা কারা শপথ নিতে চলেছেন, দিল্লিতেই সেই তালিকায় সিলমোহর পড়বে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভোটের পরই বাংলার বিষয়ে ‘বিশেষ দায়িত্ব’ দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দল থেকে প্রশাসন—যাবতীয় পরিচালনার উপর এখনও সমানভাবে নজর রয়েছে শাহের। সূত্রের খবর, সম্প্রসারণের পর কতজনের মন্ত্রিসভা হবে, কারা কারা জায়গা পাবেন, সবেতেই তাঁর ‘সুচিন্তিত মতামত’ থাকবে। ফলে রাজধানী থেকে ফেরার পরই গোটা প্রক্রিয়া চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে, জুন মাসের গোড়াতেই, অর্থাৎ ১ অথবা ২ তারিখ নতুন মন্ত্রীরা শপথ নেবেন। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের পরই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর পাশে জায়গা পেয়েছিলেন মাত্র পাঁচ বিধায়ক। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। এরপর প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে। আর প্রতিদিন বেড়েছে প্রশ্ন। কবে হবে মন্ত্রিসভার সম্প্রসারণ? কাদের ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে? যদিও একটা বিষয় নিশ্চিত ছিল, খুব বড়ো মন্ত্রিসভা গড়ার পথে শুভেন্দু অধিকারী হাঁটবেন না। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের দিনই যাবতীয় জল্পনার অবসান হয়। জানা যায়, মন্ত্রিসভা সম্প্রসারণের সবুজ সংকেত মিলেছে। তারপরই নড়াচড়া শুরু হয় রাজ্যে। সূত্রের খবর, এদিন রাজ্যপালের কাছে শুভেন্দু যে তালিকা দিয়েছেন, তাতে নাম রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়, শংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুব্রত ঠাকুর, রুদ্রনীল ঘোষদের। যদিও এই তালিকা আনুষ্ঠানিকভাবে লোকভবন বা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেরে কলকাতায় ফেরার পরই তার চূড়ান্ত ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তবে, এদিন রাজ্যপালের সঙ্গে শপথগ্রহণের জায়গাও দেখে এসেছেন তিনি। সূত্রের খবর, বৃষ্টির সম্ভাবনা থাকায় লোকভবনের মাঠে শপথ হবে না। পরিবর্তে ভবনের দোতলার হলঘরে নতুন মন্ত্রীরা শপথ নিতে পারে। যদিও নাম ঘোষণা হলেও কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, তার ঘোষণা এখনই করা হচ্ছে না বলেই খবর। শপথের পরই হবে পোর্টফোলিও বণ্টন।
  • Link to this news (বর্তমান)