• ১৩ জুনের মধ্যে ছেড়ে দিতে হবে রেলের জমি, দখলদারদের নোটিস
    বর্তমান | ২৮ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়া স্টেশন চত্বরে রেলের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও অস্থায়ী বসবাস নিয়ে কড়া অবস্থান নিল রেল। যাত্রী নিরাপত্তা ও ট্রেনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ১৩ জুনের মধ্যে সমস্ত দখলদারি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করা হয়েছে।

    হাবড়া স্টেশনের একাধিক অংশে দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে হকারদের দোকান ও অস্থায়ী বসবাস গড়ে উঠেছে। এতে ভিড়ের সময় প্ল্যাটফর্ম চত্বর সংকুচিত হয়ে পড়ে। ট্রেনে ওঠা-নামা ও হাঁটাচলায় যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছিল বলে অভিযোগ। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল বারবার।

    রেলের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সমস্ত বেআইনি দখলদারি সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি রেলের জমিতে হকাররা কীভাবে নিয়ম মেনে ব্যবসা করতে পারবেন, সেই নিয়মও স্পষ্ট করা হবে। তবে, হঠাৎ এই নোটিশ ঘিরে উদ্বেগ ছড়িয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করা মানুষদের মধ্যে। নমিতা পারুই নামে এক মহিলা বলেন, এত অল্প সময়ে কীভাবে সব সরানো সম্ভব? পুজোর আগে পর্যন্ত সময় দিলে ভালো হয়। আমাদের মাথাগোঁজার ঠাঁই নেই। একইভাবে রুমা শাহানি জানান, আমরা বহু বছর ধরে এখানে আছি। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত বুঝতে পারছি না।অন্যদিকে, নিত্যযাত্রীদের একাংশ রেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সুস্মিতা দত্ত নামে এক শিক্ষিকার মতে, স্টেশন চত্বর দখল হয়ে থাকায় যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছিল। এখন শৃঙ্খলা ফিরলে স্বস্তি মিলবে।
  • Link to this news (বর্তমান)